ট্রেনযোগে যাওয়ার পরিকল্পনাও বাতিল, দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে
নিজেস্ব প্রতিবেক :
আগামী ২১ নভেম্বর সিলেট অভিমুখে ট্রেনযোগে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের পূর্বনির্ধারিত লংমার্চ কর্মসূচি স্থগিত করা হয়েছে। গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন দাবি আদায়ে শিগগিরই জোটের পক্ষ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
রোববার (১৫ নভেম্বর) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১-দলীয় জোটের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান জোটের মুখপাত্র ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
ব্রিফিংয়ে বর্তমান সরকারের সমালোচনা করে হামিদুর রহমান আযাদ অভিযোগ করেন, সরকার পতিত আওয়ামী লীগের সঙ্গে গোপনে আঁতাত করেছে। তিনি বলেন, সারা দেশে জুলাই যোদ্ধাদের ওপর হামলা হচ্ছে, ফ্যাসিস্টরা অগ্নিসংযোগ করছে। কিন্তু সরকার এসব দমনে ব্যর্থ হচ্ছে। তাঁর অভিযোগ, সরকার ইচ্ছাকৃতভাবেই এমন পরিস্থিতি চলতে দিচ্ছে।
দণ্ডপ্রাপ্ত আসামিদের ‘জামাই আদরে’ আপ্যায়িত করা হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, এতে সরকারের ফ্যাসিবাদের প্রতি আনুকূল্য প্রকাশ পাচ্ছে। সরকার উল্টো পথে চলতে শুরু করেছে এবং তাদের ওপর মানুষের আস্থা নেই।
হামিদুর রহমান আযাদ আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদ কার্যকর এবং গণহত্যার বিচারের বিষয়ে সরকার দৃশ্যমান আন্তরিকতা না দেখালে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব নয়।
এর আগে গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে গত ৬ আগস্ট রাজধানীর মুক্তাঙ্গনে এক অবস্থান কর্মসূচি থেকে চার বিভাগে ধারাবাহিক লংমার্চের ঘোষণা দিয়েছিলেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, গত ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম এবং ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে লংমার্চ করে ১১-দলীয় জোট। এরপর তৃতীয় কর্মসূচি হিসেবে ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা বিভাগ অভিমুখে লংমার্চ অনুষ্ঠিত হয়। এর সমাপনী সমাবেশ হয় কুষ্টিয়ায়।
চার বিভাগের মধ্যে শেষ কর্মসূচি হিসেবে আগামী ২১ নভেম্বর সিলেট অভিমুখে লংমার্চ করার কথা ছিল। ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল অবস্থার কারণে অন্য বিভাগগুলোর মতো সড়কপথের পরিবর্তে ট্রেনযোগে সিলেটে যাওয়ার পরিকল্পনা করেছিল জোটটি। সেখানে রেলস্টেশনের কাছাকাছি এলাকায় পথসভা করারও পরিকল্পনা ছিল।
তবে রোববার লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে পূর্বনির্ধারিত এ কর্মসূচি স্থগিতের ঘোষণা দেওয়া হয়। নতুন কর্মসূচির তারিখ ও ধরন পরবর্তী সময়ে জানানো হবে বলে জোটের পক্ষ থেকে জানানো হয়েছে।