চট্টগ্রামের নিমতলা বিশ্বরোড হতে অলংকার ফকিরহাট পাইপলাইন পর্যন্ত, ১৩ নম্বর রুটে সরকারি নিবন্ধনের বাইরে বিপুলসংখ্যক উইঘুর মেক্সিমা চলাচলের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি সেক্সিমা শ্রমিক দলের নেতাকর্মীরা।
শনিবার (১৫ নভেম্বর) দুপুর ১২টায় নগরীর সাগরিকা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনটির রেজি. নং বি-২০৭৫। মানববন্ধনে সংগঠনের নেতা জাকির হোসেন মিন্টু গণমাধ্যমকে বলেন, ১৩ নম্বর রুটে সরকারি নিবন্ধিত গাড়ির সংখ্যা ১২১টি। অথচ বাস্তবে এ রুটে ৬০০টিরও বেশি নামে-বেনামে অবৈধ গাড়ি চলাচল করছে বলে তাদের অভিযোগ।
তিনি বলেন, অনিবন্ধিত ও অবৈধ গাড়ির অবাধ চলাচলের কারণে বৈধ নিবন্ধিত গাড়ির চালক ও শ্রমিকরা ঠিকমতো ভাড়া পাচ্ছেন না।
এ বিষয়ে বিভিন্ন দপ্তরে লিখিতভাবে অভিযোগ ও চিঠি দিয়েও কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, ১৩ নম্বর রুটে নিবন্ধিত গাড়ির বাইরে কোনো অবৈধ ও রুট পারমিটবিহীন গাড়ি চলাচল করতে দেওয়া উচিত নয়।
প্রশাসনের কাছে তাদের দাবি, এসব গাড়ির বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করুক।
মানববন্ধনের একপর্যায়ে ঘটনাস্থলে কর্মরত সার্জেন্ট বেশ কয়েকটি মেক্সিমা গাড়ির কাগজপত্র যাচাই করেন।
এ সময় কাগজপত্রে অনিয়ম পাওয়া কয়েকটি গাড়ির বিরুদ্ধে মামলা দেওয়া হয়।
মানববন্ধনে শ্রমিক নেতারা ১৩ নম্বর রুটে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অবৈধ গাড়ির চলাচল বন্ধ এবং সরকারি নিবন্ধিত গাড়ির চলাচল নিশ্চিত করার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।