নিজস্ব প্রতিনিধি (জয়পুরহাট):
নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো এবং শিক্ষাজীবন ও ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে দিকনির্দেশনা দিতে জয়পুরহাটে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় শহরের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল মো. শিবগাতুল্লাহ। তিনি শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য নির্ধারণ, নিয়মিত পড়াশোনা, সময়ের সঠিক ব্যবহার এবং প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি প্রযুক্তিগত ও বাস্তবমুখী দক্ষতা অর্জনের আহ্বান জানান। জ্ঞান, সততা ও নেতৃত্বের গুণাবলি অর্জনের মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার ওপরও গুরুত্ব দেন তিনি।
বিশেষ আলোচক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও মাদার বখশ হলের প্রভোস্ট ড. শাহ হোসাইন আহমদ মেহেদী বলেন, পরীক্ষার ফলাফল বা সনদপত্রই শিক্ষার্থীর প্রকৃত সাফল্যের মাপকাঠি নয়; জ্ঞান, নৈতিকতা, চিন্তাশক্তি ও মানবিক মূল্যবোধই একজন মানুষের প্রকৃত পরিচয় বহন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. ফরহাদ আলী। সঞ্চালনা করেন শাখার সেক্রেটারি মো. আহসান আহমেদ জিসান। এ সময় জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার আমীর মো. গোলাম কিবরিয়া মণ্ডল, জেলা সেক্রেটারি মো. হাসিবুল আলম লিটনসহ ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংগীত পরিবেশনা, প্রশ্নোত্তর ও নসিহা পর্ব অনুষ্ঠিত হয়।
এদিকে, ছাত্রশিবির নেতারা অভিযোগ করেন, অনুষ্ঠানটি প্রথমে জয়পুরহাট সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল এবং কলেজ অধ্যক্ষ লিখিত অনুমতিও দিয়েছিলেন। তবে পরবর্তী সময়ে আয়োজনটি বন্ধ করে দেওয়া হয়। এ সিদ্ধান্তের কারণ স্পষ্ট করার দাবি জানিয়ে নেতারা বলেন, শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের শিক্ষাবান্ধব আয়োজন বাধাগ্রস্ত হওয়া অনাকাঙ্ক্ষিত।