রাত ১১টায় পাঁচলাইশের বাসায় আগুন, একই রাতে আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি
চট্টগ্রাম প্রতিনিধি
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চট্টগ্রামের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে নগরের পাঁচলাইশ আবাসিক এলাকায় অবস্থিত তাঁর বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ধারণ করা একটি ভিডিও ফুটেজে দেখা যায়, পেট্রলবোমা নিক্ষেপের পর বাড়িটির নিচতলায় আগুন জ্বলছে। রিকশায় যাতায়াতের সময় এক পথচারী আগুনের দৃশ্যটি ভিডিও ধারণ করেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার বিষয়ে জানতে চাইলে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে জানানো হবে।’
এদিকে একই দিন রাত ১০টার দিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল কবির জানান, নগরের আন্দরকিল্লায় অবস্থিত আ জ ম নাছির উদ্দিনের বাসায় পুলিশ তল্লাশি চালিয়েছে। তবে সেখানে তাঁকে পাওয়া যায়নি।