• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
Headline
সহিংসতা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক ‘সুইডেন আসলাম’ পাঁচ দিনের রিমান্ডে: বিদেশ থেকে রাজধানীর অপরাধজগৎ নিয়ন্ত্রণের অভিযোগ নেত্রকোনায় জেলা প্রশাসকের কার্যালয়ে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটির সভা ফরিদপুরে নদী রক্ষাসহ ১৭ দফা দাবিতে প্রধানমন্ত্রীর কাছে ফরিদপুর জেলা প্রশাসক ( ডিসি ) র মাধ্যমে স্মারকলিপি প্রদান। কালাইয়ে বিস্ফোরক ও নাশকতার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার ভালুকায় গ্যাস পাইপলাইন প্রকল্পের , ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদের মাঝে চেক বিতরণ চৌদ্দগ্রামের সুজাতপুরে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত তালায় পুরাতন(বাইক) মোটরসাইকেল ক্রয়-বিক্রয় হাটের উদ্বোধন, অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনা ৯৭ এসএসসি ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন চেয়ারম্যান রেজাউল করিম রেজা সেক্রেটারি জেনারেল সাদাত ফেরদৌস বৈরী আবহাওয়ায় অনিশ্চয়তায় জয়পুরহাটের কৃষি, ঝুঁকিতে আমন ও আলু

‘সুইডেন আসলাম’ পাঁচ দিনের রিমান্ডে: বিদেশ থেকে রাজধানীর অপরাধজগৎ নিয়ন্ত্রণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক / ২৬ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
ছবি :সুইডেন আসলাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর নিউমার্কেট এলাকায় খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী শেখ মোহাম্মদ আসলাম ওরফে ‘সুইডেন আসলাম’-কে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। এর আগে পুরোনো একটি মামলার নথির ভিত্তিতে ইমিগ্রেশন পুলিশের সহযোগিতায় রোববার (২২ নভেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ জানান, কারওয়ান বাজার, তেজগাঁও ও ফার্মগেটকেন্দ্রিক নানা অপরাধে নতুন করে সুইডেন আসলামের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। টিটন হত্যা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জামিনে মুক্তি ও বিদেশ থেকে অপরাধ নিয়ন্ত্রণ ডিবির একটি সূত্র জানায়, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের অস্থির পরিস্থিতির মধ্যে জামিনে মুক্ত আলোচিত সাত শীর্ষ সন্ত্রাসীর মধ্যে আসলামও ছিলেন। জামিনের কাগজপত্র যাচাই শেষে ওই বছরের ৩ সেপ্টেম্বর রাত ৯টার দিকে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়; তখন তার বয়স ছিল ৬২ বছর।

মুক্তি পাওয়ার পর তিনি বিদেশে পাড়ি জমান এবং সেখান থেকেই কারওয়ান বাজার, তেজগাঁও ও ফার্মগেট এলাকার অপরাধজগৎ নিয়ন্ত্রণ করতেন বলে অভিযোগ রয়েছে। ইমিগ্রেশন পুলিশ ও পাসপোর্টের তথ্য বিশ্লেষণ করে তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, জামিনের পর গত ৬ এপ্রিল প্রথম ঢাকা থেকে থাইল্যান্ড হয়ে মালয়েশিয়ায় যান আসলাম। এরপর আগস্ট ও নভেম্বরে আরও তিনবার তিনি একই পথে ঢাকায় আসা-যাওয়া করেন। মালয়েশিয়ায় অবস্থান করলেও থাইল্যান্ড ও সিঙ্গাপুরেও তার যাতায়াত ছিল। সবশেষ ৪ নভেম্বর মালয়েশিয়া থেকে ঢাকায় ফেরেন তিনি। তার দেশে ফেরার খবর পেয়ে পুরোনো মামলার নথিসহ ইমিগ্রেশন পুলিশকে চিঠি দেয় ডিবি, যার ভিত্তিতে রোববার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

আলী আকবার পরিচয়ে ডিবির চোখ ফাঁকি পুলিশের একটি সূত্র জানায়, গত আগস্ট মাসে দেশে আসার পর গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল তেজগাঁও এলাকায় অভিযান চালায়। অভিযানের বিষয়টি টের পেয়ে ডিবির সামনে দিয়েই পালিয়ে যান আসলাম। তদন্তসংশ্লিষ্ট এক গোয়েন্দা কর্মকর্তা জানান, সে সময় কর্মকর্তাদের কাছে তার একটি পুরোনো ছবি ছিল, যার সঙ্গে বর্তমান চেহারার মিল ছিল না। নাম জানতে চাইলে তিনি নিজেকে ‘আলী আকবার’ পরিচয় দিয়ে সটকে পড়েন। গ্রেপ্তারের পর নিশ্চিত হওয়া গেছে, সেদিন আলী আকবার পরিচয় দেওয়া ব্যক্তিটিই ছিলেন সুইডেন আসলাম।

টিটন ও মুছাব্বির হত্যায় সংশ্লিষ্টতার অভিযোগ গত ২৮ এপ্রিল রাত পৌনে আটটার দিকে নিউমার্কেটের পশ্চিম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে বটতলায় গুলি করে হত্যা করা হয় খন্দকার নাঈম আহমেদ টিটনকে, যিনি আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের শ্যালক। এ ঘটনায় টিটনের ভাই সাঈদ আক্তার রিপন নিউমার্কেট থানায় হত্যা মামলা করেন। মামলায় আসামির তালিকা ফাঁকা রাখা হলেও সন্দেহভাজন হিসেবে শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান হেলাল (পিচ্চি হেলাল), বাদল ওরফে কিলার বাদল, শাহজাহান ও রনি ওরফে ড্যাগারি রনির নাম উল্লেখ করা হয়। এখন এই মামলায় সুইডেন আসলামকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

এছাড়া গত ৭ জানুয়ারি রাত আটটার পর পশ্চিম তেজতুরী পাড়ায় হোটেল সুপার স্টারের পাশের গলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় আসলামের ঘনিষ্ঠ ‘বিনাশ’ নামের এক সন্ত্রাসীর সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসলাম দাবি করেছেন, মুছাব্বির হত্যার সঙ্গে তিনি জড়িত নন এবং বিনাশ নামের কাউকে চেনেন না।

মার্কেট দখল ও চাঁদাবাজির অভিযোগ খোঁজ নিয়ে জানা গেছে, জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্ত হয়ে ফার্মগেট আনন্দ সিনেমা হলের পেছনে ‘ক্যাপিটাল বড় বাজার’ নামের একটি তিনতলা মার্কেটের দোকান মালিক সমিতির সভাপতি হন আসলাম। ব্যবসায়ীদের অভিযোগ, মার্কেটটি এখন তার দখলে এবং সেখানে ব্যবসা করতে হলে তাকে চাঁদা দিতে হয়। পাশাপাশি কারওয়ান বাজারে চাঁদাবাজি ও দখলবাজিতেও তার ও তার অনুসারীদের নাম উঠে এসেছে।

তবে জিজ্ঞাসাবাদে অপরাধ নিয়ন্ত্রণের অভিযোগ অস্বীকার করে আসলাম পুলিশকে বলেন, যুবক বয়সে নানা অপরাধে জড়িত থাকায় তার নাম ছড়িয়ে পড়েছিল। এখন তিনি কোনো অপরাধে জড়িত নন; স্থানীয় অনেকেই বিপদে পড়ে তার কাছে গেলে তিনি সমাধানের চেষ্টা করেন। তবে পুলিশের ভাষ্যমতে, আসলাম যেসব সমস্যার সমাধান করেন, সেগুলো মূলত আদালত ও পুলিশের এখতিয়ারভুক্ত কাজ।

কে এই সুইডেন আসলাম? বর্তমানে ৬৫ বছর বয়সী শেখ মোহাম্মদ আসলামের পৈতৃক বাড়ি ঢাকার নবাবগঞ্জে। তবে স্বাধীনতার পর তার বাবা শেখ জিন্নাত আলী ও চাচারা ঢাকার ইন্দিরা রোডে বসবাস শুরু করেন। তার বাবা ফার্মগেটে রড-সিমেন্টের ব্যবসা করতেন। তেজগাঁও পলিটেকনিক স্কুলে (বর্তমান তেজগাঁও সরকারি উচ্চবিদ্যালয়) পড়ার সময় ভালো ফুটবলার হিসেবে পরিচিত ছিলেন আসলাম; স্কুলের হয়ে আন্তজেলা প্রতিযোগিতায়ও খেলেছেন। এসএসসি পাসের পর তেজগাঁও কলেজে ভর্তি হয়ে তিনি অপরাধজগতে জড়িয়ে পড়েন।

১৯৮৬ সালে ফার্মগেটের পূর্ব রাজাবাজারে স্কুলের সামনে মায়ের হাত ধরে থাকা কিশোর শাকিলকে গুলি করার অভিযোগ ওঠে আসলামের বিরুদ্ধে। এরপর একের পর এক খুনের ঘটনায় তার নাম জড়াতে থাকে। ২০০১ সালের ২৭ ডিসেম্বর তৎকালীন চারদলীয় জোট সরকারের প্রকাশিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় তার নাম না থাকলেও ২০১০ সালে পুলিশের করা ৪২ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় তিনি অন্তর্ভুক্ত হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আসলামের প্রথম স্ত্রী ইতির বাড়ি ছিল সুইডেনে। একপর্যায়ে আসলামও সুইডেনে গিয়ে কয়েক বছর পর দেশে ফেরেন এবং রাজাবাজারের শেখ আসলাম ‘সুইডেন আসলাম’ নামে পরিচিতি পান। বিচ্ছেদের পর ইতি দেশে ফিরে আবদুল্লাহ আল হাসান ওরফে মামুন নামের এক সন্ত্রাসীকে বিয়ে করেন। ১৯৯৫ সালে পুরান ঢাকায় মামুনসহ তিনজন খুন হওয়ার মামলার অভিযোগপত্রে আসলামের নাম আসে। পরে নিজের চাচাতো বোন সিমিকে বিয়ে করেন তিনি।

মামলার খতিয়ান ও দীর্ঘ কারাবাস আসলামের বিরুদ্ধে মোট মামলার সুনির্দিষ্ট হিসাব না মিললেও ২০২৪ সালের সেপ্টেম্বরে মুক্তির সময় বাসসের খবরে ৯টি হত্যা মামলাসহ ২২টি মামলার কথা উল্লেখ করা হয়। এর আগে ২০১৫ সালে পুলিশি নথিতে ১২টি মামলার মধ্যে ১১টিতে খালাস ও একটি বিচারাধীন থাকার তথ্য পাওয়া গিয়েছিল। সর্বশেষ ১৯৯৭ সালের ২৩ মার্চ তেজগাঁওয়ের যুবলীগ নেতা গালিব হত্যা মামলায় আসলামসহ ২০ জনের বিরুদ্ধে মামলা এবং ১৯৯৮ সালের ৮ এপ্রিল অভিযোগপত্র দেওয়া হয়। এই মামলায় জামিন না হওয়ায় দীর্ঘদিন কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন তিনি। কারাগারে থাকাকালেও ২০১৪ সালের মার্চে অভিযানে তার কাছ থেকে দুটি মুঠোফোন উদ্ধার করা হয়েছিল, যার মাধ্যমে তিনি বাইরে সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করতেন বলে গোয়েন্দা তথ্যে উঠে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category