• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
Headline
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও সংস্কারে ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি : অর্থমন্ত্রী ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছে ইসি চট্টগ্রামে জমকালো আয়োজনে শুরু বরিশাল বিভাগীয় সিএন্ডএফ শটপিচ ক্রিকেট টুর্নামেন্ট আহত পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও স্বার্থের সংঘাতের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর মডেল মসজিদ পরিচালনায় ইফার মউশিক প্রকল্পের মডেল কেয়ারটেকারদের ভূমিকা বহাল রাখার দাবি ঐক্যের ভিত্তি স্পষ্ট করতে হবে, চাঁদাবাজি চললে বিএনপির সঙ্গে আর আলোচনা নয় : নাসীরুদ্দীন পাটওয়ারী রংপুরে ইজতেমা ময়দানে একসাথে লাখো মুসল্লির জুমার নামাজ আদায় পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই, স্কুল ড্রেস ও দুপুরের খাবার দেওয়ার পরিকল্পনা ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির বিজয় দিবসের মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশ

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও স্বার্থের সংঘাতের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

একুশে সংবাদ ডেস্ক / ৫৪ Time View
Update : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন-২০২৬ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গোষ্ঠীদ্বন্দ্ব, ব্যক্তিগত স্বার্থের সংঘাত ও অপ্রয়োজনীয় বিরোধের ঊর্ধ্বে রাখার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক মত ও বিশ্বাসের ভিন্নতা থাকাটা স্বাভাবিক। তবে সেই ভিন্নতা যেন শিক্ষার পরিবেশ, পাঠদান কার্যক্রম, প্রশাসনিক শৃঙ্খলা ও শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত করার কারণ না হয়, সে বিষয়ে শিক্ষকদের সতর্ক ও সচেতন থাকতে হবে।

আজ  সকালে রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উচ্চশিক্ষার মানোন্নয়ন, কলেজ শিক্ষায় সুশাসন প্রতিষ্ঠা এবং দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে আয়োজিত এবারের সম্মিলনের প্রতিপাদ্য—‘দক্ষতা আর প্রযুক্তিতে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।’

প্রধানমন্ত্রী বলেন, একজন অধ্যক্ষ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক প্রধান নন; তিনি প্রতিষ্ঠানের নেতা, নৈতিক দিকনির্দেশক এবং ভবিষ্যৎ প্রজন্ম গড়ার অন্যতম স্থপতি। তাঁর মেধা, যোগ্যতা, সিদ্ধান্ত, বিচক্ষণতা ও দূরদর্শিতার ওপর শিক্ষা প্রতিষ্ঠানের সামগ্রিক অগ্রগতি অনেকাংশে নির্ভর করে।

শিক্ষা খাতে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে তারেক রহমান বলেন, শহর ও গ্রামের মানুষের জন্য উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে বেগম খালেদা জিয়া ১৯৯২ সালের ২১ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের সংখ্যা প্রায় আড়াই হাজার। প্রতিষ্ঠার পর থেকে কলেজ ও শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও শিক্ষার মান কতটা উন্নত হয়েছে, তা নিয়ে আত্মসমালোচনা প্রয়োজন।

বিগত ফ্যাসিবাদী শাসনামলে দেশের অন্যান্য খাতের মতো শিক্ষাব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এখন ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে সবাইকে সম্মিলিতভাবে শিক্ষাব্যবস্থাকে আধুনিক, মানসম্মত ও সময়োপযোগী করে গড়ে তুলতে হবে। সরকার এ লক্ষ্যে প্রয়োজনীয় পরিকল্পনা ও পদক্ষেপ গ্রহণ করছে, তবে সেগুলোর বাস্তবায়নে অধ্যক্ষদের নেতৃত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

যুগোপযোগী ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে শিক্ষকদের প্রশিক্ষণের বিকল্প নেই জানিয়ে প্রধানমন্ত্রী প্রচলিত শিক্ষককেন্দ্রিক শিক্ষার পরিবর্তে শিক্ষার্থী ও গবেষণাভিত্তিক পাঠদান পদ্ধতি চালুর নির্দেশনা দেন। এ ক্ষেত্রে ‘ট্রেনিং অব ট্রেইনার্স’ কর্মসূচি কার্যকর ভূমিকা রাখতে পারে বলে তিনি উল্লেখ করেন। তিনি সতর্ক করে বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার সঙ্গে শিক্ষক ও শিক্ষার্থীরা নিজেদের খাপ খাওয়াতে না পারলে প্রতিবছর সনদনির্ভর শিক্ষিত মানুষের সংখ্যা বাড়বে, কিন্তু বেকারত্ব কমবে না। একাডেমিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক ও কারিগরি জ্ঞান এবং দক্ষতার অভাবই শিক্ষিতদের বেকারত্বের অন্যতম কারণ।

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গতানুগতিক ধারা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিকস, বিগ ডেটা, ইন্টারনেট অব থিংস, ব্লকচেইন, অটোমেশন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, সাইবার নিরাপত্তা ও ফাইভ-জি প্রযুক্তি ভবিষ্যতের কর্মজগতে আমূল পরিবর্তন আনছে। এর ফলে পুরোনো অনেক পেশা বিলুপ্ত হলেও নতুন কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি হচ্ছে। এ বাস্তবতায় প্রযুক্তিনির্ভর, উদ্ভাবনমুখী, দক্ষতাভিত্তিক ও কর্মসংস্থান উপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার কোনো বিকল্প নেই।

শিক্ষার সঙ্গে শিল্প খাতের কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠান জ্ঞানের ভিত্তি তৈরি করবে, আর শিল্প খাত সেই জ্ঞানকে বাস্তব দক্ষতায় রূপান্তর করবে। এ লক্ষ্যে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তাদের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক হিসেবে পাঠদানের সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট এবং বাস্তব কর্মক্ষেত্রে হাতে-কলমে প্রশিক্ষণের সুযোগ বাড়াতে শিল্প উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি। শিক্ষাজীবনেই লক্ষ্যভিত্তিক কর্মদক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করতে পারলে শিক্ষার্থীরা চাকরির অপেক্ষায় না থেকে নিজেরাই উদ্যোক্তা হয়ে অন্যের কর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষম হবেন।

আধুনিক প্রযুক্তিগত শিক্ষার সঙ্গে মানবিক শিক্ষার সমন্বয় ঘটানোর তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষাকে শুধু চাকরির প্রস্তুতির মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। সাহিত্য, দর্শন, ইতিহাস, বিজ্ঞান, সমাজবিজ্ঞান ও সংস্কৃতিচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, সৃজনশীলতা, যুক্তিবোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশের সুযোগ তৈরি করতে হবে। পাশাপাশি ইংরেজির সঙ্গে আরবি, ম্যান্ডারিন, জাপানি, কোরীয়, ফরাসি, জার্মানসহ আন্তর্জাতিকভাবে চাহিদাসম্পন্ন ভাষা শেখার সুযোগ তৈরি, ক্যারিয়ার কাউন্সেলিং, ল্যাঙ্গুয়েজ ক্লাব প্রতিষ্ঠা এবং উদ্যোক্তা তৈরির উদ্যোগ নিতে হবে।

শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের স্বার্থ সংরক্ষণে সরকার সচেতন উল্লেখ করে প্রধানমন্ত্রী কলেজভিত্তিক শিক্ষক সংকট নিরূপণ, শূন্য পদ পূরণ, প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ ও পদায়ন এবং প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এবং জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সমন্বিতভাবে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

পরিবেশ সুরক্ষা ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী যেসব কলেজের ছাদে উপযোগী জায়গা রয়েছে, সেখানে সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগ নিতে বলেন। এ ছাড়া শিক্ষা প্রতিষ্ঠান, বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করার আহ্বান জানান তিনি। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ইতোমধ্যে প্রায় দুই লাখ বৃক্ষরোপণ করা হয়েছে উল্লেখ করে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ কর্মসূচির সাফল্য কামনা করেন। পাশাপাশি আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক জনগোষ্ঠী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণে প্রতিটি কলেজ কর্তৃপক্ষকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বলেন, সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়, যে দেশ জ্ঞান ও গুণে সমৃদ্ধ, কর্মে আত্মনির্ভরশীল, মানবিকতায় উন্নত এবং বিশ্বমঞ্চে নিজস্ব মর্যাদায় মাথা উঁচু করে দাঁড়াবে।

এর আগে সকাল ১০টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী সম্মিলনস্থলে পৌঁছালে জাতীয় সংগীত ও পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে মহান মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদদের সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর ‘প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ’ গানের সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে একটি গাছ উপহার দেন। এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাজাহান মোল্লার তৈরি ‘দুর্যোগ থেকে স্বস্তি’ শীর্ষক একটি অ্যাপের তথ্যচিত্র প্রদর্শন করা হয়, যেখানে দুর্যোগ ও ভূমিকম্প মোকাবিলায় জরুরি সতর্কতা ও সহায়তা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দর, যাতায়াত ব্যবস্থাপনা, স্বাস্থ্যসংশ্লিষ্ট সতর্কবার্তা এবং সরকারি কার্যক্রমে সহায়ক তথ্যপ্রবাহ তুলে ধরা হয়েছে।

উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী অধ্যয়নরত, যা দেশের উচ্চশিক্ষায় অধ্যয়নরত মোট শিক্ষার্থীর প্রায় ৭০ শতাংশ।

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন, বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মাহফুজুল ইসলাম এবং লালমাটিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ সুলতানা মাহমুদা ইয়াসমীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category