নিজস্ব প্রতিবেদক
ইলিশ সংরক্ষণের উদ্যোগে মাছের পাশাপাশি জেলেদের জীবিকা, মর্যাদা ও ভবিষ্যৎ সুরক্ষাকে সমান গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেছেন, ইলিশ বাংলাদেশের জাতীয় পরিচয়, ঐতিহ্য ও খাদ্যসংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এটি দেশের অর্থনীতি, মানুষের জীবিকা এবং খাদ্য ও পুষ্টিনিরাপত্তার গুরুত্বপূর্ণ উৎস।
শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘রিজিওনাল ওয়ার্কশপ: সাসটেইনিং হিলসা ফিশারিজ ইন দ্য বে অব বেঙ্গল রিজিয়ন’ শীর্ষক আঞ্চলিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ইলিশ খাতের বার্ষিক অর্থনৈতিক মূল্য প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলার। এ খাতের সঙ্গে মৎস্যজীবী পরিবার, ব্যবসায়ী, পরিবহন শ্রমিক, প্রক্রিয়াজাতকারীসহ মূল্যশৃঙ্খলের অসংখ্য মানুষ জড়িত। ফলে ইলিশ সংরক্ষণ শুধু মাছের উৎপাদন ও প্রজনন রক্ষার বিষয় নয়, এর সঙ্গে লাখো মানুষের জীবন-জীবিকা ও অর্থনৈতিক নিরাপত্তাও জড়িত।
তিনি বলেন, ইলিশের অভয়াশ্রম প্রতিষ্ঠা, প্রজনন মৌসুমে মাছ ধরায় নিষেধাজ্ঞা এবং জেলেদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে সংরক্ষণ কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক ভিত্তি দেওয়া হয়েছে। তবে ইলিশ ব্যবস্থাপনাকে আরও বিজ্ঞানভিত্তিক, সমন্বিত ও পরিবর্তিত পরিবেশের সঙ্গে অভিযোজন সক্ষম করে গড়ে তুলতে হবে।
এ জন্য ইলিশের মজুত, প্রজননক্ষেত্র, বিচরণক্ষেত্র, পরিবেশগত অবস্থা, পানির প্রবাহ ও জলবায়ুর প্রভাব সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য প্রয়োজন বলে উল্লেখ করেন মন্ত্রী। গবেষণালব্ধ জ্ঞান ও মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতার সমন্বয় ঘটানোর ওপরও গুরুত্ব দেন তিনি।
আমিন উর রশিদ বলেন, মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে বিজ্ঞানীদের গবেষণালব্ধ মতামত এবং বংশপরম্পরায় নদী ও সমুদ্রনির্ভর মৎস্যজীবীদের অভিজ্ঞতার মধ্যে কিছু পার্থক্য লক্ষ করা যাচ্ছে। এই দুই জ্ঞানের সমন্বয় ঘটাতে পারলে ইলিশ ব্যবস্থাপনা আরও কার্যকর হবে এবং সংরক্ষণ কার্যক্রমের সুফল বাড়বে।
জেলেদের জীবিকার প্রসঙ্গে মন্ত্রী বলেন, ইলিশের প্রজনন ও সংরক্ষণের স্বার্থে মাছ ধরায় নিষেধাজ্ঞা অপরিহার্য হলেও এ সময় বহু মৎস্যজীবী পরিবারের আয় বন্ধ হয়ে যায়। তাই নিষেধাজ্ঞার সময়ে সময়মতো সামাজিক নিরাপত্তা সহায়তা, বিকল্প কর্মসংস্থান এবং সহজ শর্তে অর্থায়ন নিশ্চিত করতে হবে। সরকার এসব বিষয় বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নে গুরুত্ব দিচ্ছে।
মধ্যস্বত্বভোগী ও দাদননির্ভর ব্যবস্থার কারণে জেলেরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, অধিকাংশ ক্ষেত্রে মৎস্যজীবীরা নিজেরা সরাসরি মাছ বিক্রি করতে পারেন না। এতে জেলেরা যেমন ক্ষতিগ্রস্ত হন, তেমনি ক্রেতাদেরও বেশি মূল্য দিতে হয়। এ পরিস্থিতি থেকে উত্তরণে কার্যকর নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।
কর্মশালায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মাসুমা হাবিব, বে অব বেঙ্গল প্রোগ্রাম-ইন্টারগভর্নমেন্টাল অর্গানাইজেশনের পরিচালক ড. পি. কৃষ্ণান, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. লতিফুল ইসলাম, মিয়ানমার ওয়ার্ল্ডফিশের সাবেক জাতীয় কর্মসূচি উপদেষ্টা ড. খিন মং সো এবং ওয়ার্ল্ডফিশ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ এ. টি. এম. ফারুক-উল-ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।