নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ সপ্তাহের উদ্বোধন করেন।
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর এবারের জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ আয়োজন করেছে। এ উপলক্ষে পুরাতন বাণিজ্য মেলার মাঠে তিন দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। মেলায় রয়েছে ৬৪টি স্টল ও ছয়টি প্যাভিলিয়ন।
সকাল সাড়ে ৯টায় জাতীয় সংগীত পরিবেশন ও পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে প্রাণিসম্পদ খাতের ভবিষ্যৎ সম্ভাবনা, উন্নয়ন এবং এ খাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে ২৩ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬ (স্বর্ণ ও রৌপ্য) প্রদান করেন প্রধানমন্ত্রী। পদকপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দিয়ে তিনি তাদের সাফল্যের স্বীকৃতি জানান।
গবাদিপশুর খামার ক্যাটাগরিতে প্রথম পদক গ্রহণ করেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। পদকপ্রাপ্তির অনুভূতি প্রকাশ করেন তিনি। একইভাবে বিউটি পাঠার খামারের মালিক বিউটি বেগমও তার অনুভূতি ব্যক্ত করেন। পরে পদকপ্রাপ্তরা প্রধানমন্ত্রীর সঙ্গে গ্রুপ ফটোসেশনে অংশ নেন।
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন।
এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি খায়রুল কবির খোকন এবং বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফার্মার্স অ্যাসোসিয়েশনের (বিডিএফএফএ) সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইন বক্তব্য দেন।
উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রাণিসম্পদ প্রদর্শনীর বিভিন্ন স্টল ও প্যাভিলিয়ন ঘুরে দেখেন এবং খাতসংশ্লিষ্টদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি পালিত হবে। এসব আয়োজনের মধ্য দিয়ে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি, উৎপাদন বৃদ্ধি এবং রপ্তানির সম্ভাবনা সম্প্রসারণে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।