নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নারী নির্যাতন প্রতিরোধে সরকার, দায়িত্বশীল ব্যক্তিবর্গ ও দেশবাসীকে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আগামীকাল বুধবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
বিবৃতিতে জামায়াত সেক্রেটারি বলেন, বর্তমান বিশ্বে নারীরা সামাজিক, অর্থনৈতিক ও রাষ্ট্রীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক অগ্রযাত্রায় অবদান রাখছেন। তাদের এই অবদানকে যথাযথ মূল্যায়ন করা সময়ের অনিবার্য দাবি। কিন্তু উদ্বেগজনকভাবে এখনো সমাজের বিভিন্ন স্তরে নারীরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্যাতনের শিকার হচ্ছেন। প্রত্যেক নারীর মৌলিক মানবিক অধিকার ও আত্মমর্যাদা নিয়ে বসবাসের পরিবেশ নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
ইসলামে নারীর মর্যাদার প্রসঙ্গ উল্লেখ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, বিশ্বায়নের এই যুগে নারীদের ওপর সহিংসতা, হত্যা ও নিপীড়নের ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। ইসলামে নারীদের যে মর্যাদা দেওয়া হয়েছে, সমাজে তার যথাযথ প্রতিফলন না থাকায় অনাচার থামছে না। নারীদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করা গেলে কেবল নির্যাতনই বন্ধ হবে না, বরং সমাজে স্থিতিশীলতা, শৃঙ্খলা ও শান্তি প্রতিষ্ঠিত হবে।
নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক আন্দোলনের তাগিদ নারী নির্যাতন বন্ধে নাগরিকদের নৈতিক শিক্ষা, সামাজিক আন্দোলন ও সচেতনতার বিকল্প নেই উল্লেখ করে বিবৃতিতে রাষ্ট্র ও সরকারের প্রতি বেশ কিছু দাবি জানানো হয়। এর মধ্যে রয়েছে—
নিরাপদ শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মপরিবেশ নিশ্চিত করা।
কর্মক্ষেত্রে নারীদের সার্বিক নিরাপত্তা প্রদান।
গণপরিবহনসহ সব ধরনের জনপরিসরে কর্মজীবী ও সাধারণ নারীদের জন্য সম্মানজনক ও নিরাপদ যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করা।
দিবসটির পটভূমি ও বর্তমান প্রেক্ষাপট বিবৃতিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসের ইতিহাস স্মরণ করে বলা হয়, ১৯৬০ সালের ২৫ নভেম্বর ডোমিনিকান প্রজাতন্ত্রের স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে আন্দোলনের কারণে মিরাবেল পরিবারের তিন বোন—প্যাট্রিয়া, মারিয়া তেরেসা ও মিনার্ভাকে হত্যা করা হয়। এরই প্রেক্ষাপটে ১৯৯৩ সালে ভিয়েনায় বিশ্ব মানবাধিকার সম্মেলনে দিনটি স্বীকৃতি পায় এবং ১৯৯৯ সালে জাতিসংঘ এটিকে আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করে।
বাংলাদেশ ১৯৯৭ সাল থেকে দিবসটি পালন করে এলেও দেশের নারীদের একটি বড় অংশ এখনো ধর্ষণ, হত্যা ও কলকারখানাসহ বিভিন্ন কর্মক্ষেত্রে নিপীড়ন থেকে মুক্তি পাননি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। অবিলম্বে এসব নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান জামায়াত সেক্রেটারি জেনারেল।