নিজস্ব প্রতিবেদক
বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে শতভাগ নতুন পাঠ্যবই তুলে দেওয়ার পরিকল্পনা করছে সরকার। আগামী ২৪ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে নতুন বই বিতরণের প্রস্তুতি চলছে। ২০২৭ শিক্ষাবর্ষ শুরুর আগেই বই মুদ্রণ, বাঁধাই ও মাঠপর্যায়ে সরবরাহ সম্পন্ন করতে জোরালো উদ্যোগ নেওয়া হয়েছে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে এ তথ্য জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের হাতে সময়মতো মানসম্মত বই তুলে দিতে এবার আগেভাগেই মুদ্রণ ও সরবরাহ কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
এনসিটিবি চেয়ারম্যানের তথ্য অনুযায়ী, ২০২৭ শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক, প্রাথমিক, ইবতেদায়ি ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য মোট ৩০ কোটি ৯৬ লাখ ৩৬ হাজার পাঠ্যবই ছাপানো হচ্ছে। ইতোমধ্যে প্রাক-প্রাথমিকের বই ছাপা ও সরবরাহের কাজ শতভাগ সম্পন্ন হয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক স্তরের অধিকাংশ বইও উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে।
প্রাক-প্রাথমিক স্তরের ৫৭ লাখ ৩০ হাজার ৬৪০টি বইয়ের কাজ সম্পন্ন হয়েছে। প্রথম থেকে পঞ্চম শ্রেণির ৭ কোটি ৬০ লাখ ৯৭ হাজার ৯৬টি বইয়ের ৯৭ দশমিক ২৮ শতাংশ এবং ইবতেদায়ি স্তরের ৪ কোটি ১৬ লাখ ৩৯ হাজার ৫৭৪টি বইয়ের ৯৪ দশমিক ১২ শতাংশের প্রাক-সরবরাহ পরিদর্শন (পিডিআই) সম্পন্ন হয়েছে।
এদিকে, ২৫ নভেম্বর পর্যন্ত ষষ্ঠ থেকে দশম শ্রেণির ১৭ কোটি ৯৫ লাখ ৪৩ হাজার ১৮টি বইয়ের ৯২ দশমিক ৯৭ শতাংশের প্রাক-সরবরাহ পরিদর্শন সম্পন্ন হয়েছে। এসব বইয়ের প্রায় ৯২ শতাংশ উপজেলা পর্যায়ে সরবরাহ করা হয়েছে। দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ৯ হাজার ৪টি ব্রেইল বইও ছাপানো হচ্ছে।
বই বিতরণের সময়সূচি প্রসঙ্গে অধ্যাপক ফখরুল মাওলা জানান, আগামী ২৪ ডিসেম্বর বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য দিন নির্ধারণ করা হয়েছে। এ কারণে ২৪ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে যেকোনো একদিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের চূড়ান্ত সিদ্ধান্তের পর সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে।
তিনি বলেন, ৩০ নভেম্বরের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব বই উপজেলা পর্যায়ে সরবরাহের লক্ষ্য রয়েছে। পাশাপাশি নতুন চারটি বইয়ের মুদ্রণ ও বাঁধাইয়ের কাজ ১৫ ডিসেম্বরের মধ্যে শেষ করার প্রস্তুতি চলছে।
বই বিতরণ কার্যক্রমে ব্যয় সাশ্রয়ের বিষয়টিও এবার গুরুত্ব পাচ্ছে। চেয়ারম্যান বলেন, আগে পয়লা জানুয়ারিকে কেন্দ্র করে বই উৎসব আয়োজনের জন্য বিপুল অর্থ ব্যয় করা হতো। প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যয় সাশ্রয় নীতির আলোকে এবার বড় পরিসরের উৎসবের পরিবর্তে বইয়ের মোড়ক উন্মোচনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে সব বই তুলে দেওয়ার নির্দেশনা দেওয়ার প্রস্তুতি চলছে।
আগের বছরগুলোতে অল্প কিছু বই বা নমুনা বই প্রদর্শন করে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হলেও বাকি বই অনেক সময় মার্চ-এপ্রিল পর্যন্ত সরবরাহ করা হতো বলে উল্লেখ করেন এনসিটিবি চেয়ারম্যান। এবার শতভাগ বই প্রস্তুত ও সরবরাহ নিশ্চিত করেই বিতরণ কার্যক্রম শুরু করার লক্ষ্য নেওয়া হয়েছে।
নতুন বইয়ের মান সম্পর্কে তিনি বলেন, কাগজের মান, ছাপার গুণগত মান, বাঁধাই, চোখের ওপর আলোর প্রতিফলন এবং বই সহজে ছিঁড়ে না যাওয়ার বিষয়গুলো বিবেচনায় নিয়ে মান যাচাই করা হয়েছে। গত কয়েক বছরের তুলনায় এবারের বইয়ের মান উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
নতুন শিক্ষাব্যবস্থায় প্রাথমিক স্তরে খেলাধুলা ও বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক বই যুক্ত করা হয়েছে। শিশুদের মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের আসক্তি কমিয়ে খেলাধুলার মাঠে ফিরিয়ে আনা এবং বিদ্যালয়ে আনন্দময় শিক্ষার পরিবেশ গড়ে তোলাই এসব বই সংযোজনের উদ্দেশ্য। পাশাপাশি কারিগরি শিক্ষার বই পর্যায়ক্রমে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া ২০২৮ শিক্ষাবর্ষের পরিমার্জিত শিক্ষাক্রমের রূপরেখা তৈরিতে ১২ থেকে ১৪টি দেশের শিক্ষাক্রম পর্যালোচনা করা হচ্ছে। এ বিষয়ে শিগগিরই নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা শুরু হবে বলে জানান এনসিটিবি চেয়ারম্যান।
সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই শিক্ষার্থীদের হাতে সব পাঠ্যবই পৌঁছে দেওয়ার ক্ষেত্রে নতুন দৃষ্টান্ত তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।