• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
Headline
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও সংস্কারে ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি : অর্থমন্ত্রী ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছে ইসি চট্টগ্রামে জমকালো আয়োজনে শুরু বরিশাল বিভাগীয় সিএন্ডএফ শটপিচ ক্রিকেট টুর্নামেন্ট আহত পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও স্বার্থের সংঘাতের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর মডেল মসজিদ পরিচালনায় ইফার মউশিক প্রকল্পের মডেল কেয়ারটেকারদের ভূমিকা বহাল রাখার দাবি ঐক্যের ভিত্তি স্পষ্ট করতে হবে, চাঁদাবাজি চললে বিএনপির সঙ্গে আর আলোচনা নয় : নাসীরুদ্দীন পাটওয়ারী রংপুরে ইজতেমা ময়দানে একসাথে লাখো মুসল্লির জুমার নামাজ আদায় পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই, স্কুল ড্রেস ও দুপুরের খাবার দেওয়ার পরিকল্পনা ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির বিজয় দিবসের মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশ

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও সংস্কারে ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি : অর্থমন্ত্রী

একুশে সংবাদ ডেস্ক / ১৩ Time View
Update : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

৫০ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডে মাসে ২ হাজার ৫০০ টাকা সহায়তা, মূল্যস্ফীতি ৬ শতাংশে নামানোর লক্ষ্য

নিজস্ব প্রতিবেদক :

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিকল্প অর্থায়নের উদ্যোগ এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, মূল্যস্ফীতি কমাতে অগ্রগতি হয়েছে। পাশাপাশি ঋণ ও সরকারি অর্থ ব্যবস্থাপনায় সংস্কার, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ এবং বেসরকারি খাত ও পুঁজিবাজারের উন্নয়নে সরকার কাজ করছে।

শনিবার রাজধানীর গুলশানের ক্রাউন প্লাজা হোটেলে ‘স্টেট অব দ্য ইকোনমি: হোয়াট বিএনপি ইনহেরিটেড, হোয়াট ইট হ্যাজ অ্যাকমপ্লিশড অ্যান্ড হোয়াট ইজ টু কাম’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, অর্থনৈতিক নীতিনির্ধারণে মূল্যস্ফীতি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অভ্যন্তরীণ ও আমদানিজনিত—মূল্যস্ফীতির এই দুই ধরনের চাপ মোকাবিলা করতে হচ্ছে সরকারকে। বৈশ্বিক বাজারে তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে সার ও পরিবহন ব্যয় বেড়েছে। ফলে আমদানিজনিত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের সুযোগ সীমিত।

তবে অভ্যন্তরীণ মূল্যস্ফীতি কমাতে খাদ্যপণ্য ও খাদ্য উৎপাদনকারী শিল্পের কাঁচামালের ওপর শুল্ক-কর কমানো হয়েছে বলে জানান তিনি। এর ফলে সার্বিক মূল্যস্ফীতি ২০২৬ সালের মে মাসে ৯ দশমিক ৪২ শতাংশ থেকে কমে অক্টোবরে ৮ দশমিক ২৭ শতাংশে নেমেছে। একই সময়ে খাদ্য মূল্যস্ফীতি ১৪ দশমিক ১০ শতাংশ থেকে কমে ৬ দশমিক ৪০ শতাংশে দাঁড়িয়েছে।

অর্থমন্ত্রী জানান, মূল্যস্ফীতি আরও ২ থেকে ৩ শতাংশীয় পয়েন্ট কমিয়ে ৬ শতাংশের কাছাকাছি নামিয়ে আনার লক্ষ্য রয়েছে সরকারের।

স্বল্প আয়ের মানুষের জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতির চাপ কমাতে ৫০ লাখ পরিবারকে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সহায়তা দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে এ কর্মসূচির আওতায় আরও ২ কোটি পরিবারকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। কৃষকদের বীজ ও সারে সহায়তা, চাল বিতরণ কর্মসূচি এবং শ্রমিকদের জন্য ছয়টি হাসপাতাল অনুমোদনের কথাও তুলে ধরেন তিনি।

স্বাস্থ্য খাত প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবাকে গুরুত্ব দিয়ে সর্বজনীন স্বাস্থ্যসেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি দেশের ওষুধশিল্পের বিকাশেও সরকার সহায়তা করবে।

ঋণ ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, অতীতের ঋণের বোঝা ও ব্যয় বৃদ্ধির চাপ থাকলেও সরকার ঋণের কিস্তি সময়মতো পরিশোধ করছে। বাংলাদেশ কোনো ঋণখেলাপি হয়নি। ঋণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এ-সংক্রান্ত বিভাগ পৃথক করা হচ্ছে। এর মাধ্যমে নাগরিকেরা দেশের প্রকৃত ঋণ পরিস্থিতি ও মাথাপিছু ঋণের হিসাব জানতে পারবেন।

সরকারি প্রকল্প গ্রহণ ও অনুমোদনের ক্ষেত্রে অর্থের যথাযথ ব্যবহার, বিনিয়োগের বিপরীতে সুফল, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশগত প্রভাব—এই চারটি বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী। এসব মানদণ্ড পূরণ না করায় অনেক প্রকল্প বাতিল করা হয়েছে। বাস্তবায়নে ধীরগতির কিছু চলমান প্রকল্পও তালিকা থেকে বাদ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

বেসরকারি খাতে ঋণপ্রবাহ সচল রাখতে বাণিজ্যিক ব্যাংকের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নের উৎস তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে ডলার বন্ড, পান্ডা বন্ড ও সামুরাই বন্ড এবং হংকং স্টক এক্সচেঞ্জে বাংলাদেশ ইকুইটি ফান্ড চালুর পরিকল্পনার কথা জানান তিনি।

অর্থমন্ত্রী আরও বলেন, কর নীতি প্রণয়ন ও কর আদায়ের কার্যক্রম পৃথক করার কাজ আগামী দুই থেকে তিন মাসের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কর-জিডিপি অনুপাতেও ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে।

পুঁজিবাজারকে আরও স্বচ্ছ ও বাজারভিত্তিক করতে অনলাইন ও তাৎক্ষণিক কার্যক্রম চালু এবং বিভিন্ন প্রক্রিয়া সহজ করার কাজ চলছে। ইলেকট্রনিক্স খাতে কর ছাড়ের ফলে ইতোমধ্যে ১৬টি প্রতিষ্ঠান উৎপাদনে গেছে। নবায়নযোগ্য জ্বালানির পাশাপাশি দেশের নিজস্ব কয়লা সম্পদ ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে। বড় অবকাঠামো ও সরকারি-বেসরকারি অংশীদারত্বের প্রকল্পেও বেসরকারি বিনিয়োগকে স্বাগত জানানো হচ্ছে।

সেমিনারে অর্থনীতিবিদ, আইনজীবী, ব্যবসায়ী প্রতিনিধি ও বিভিন্ন খাতের অংশীজনেরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category