প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগমন উপলক্ষে তাঁর যাত্রাপথে বাংলামোটর থেকে শাহবাগ মোড় পর্যন্ত ঔষধি গাছ রোপণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
সোমবার এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিটি তদারকি করেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল।
বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পোস্টে বলা হয়, ‘শপথ গ্রহণের ৮৫তম দিনে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগমন উপলক্ষে তাঁর যাত্রাপথজুড়ে ৮৫টি ঔষধি গাছ রোপণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীরা।’
পোস্টে আরও বলা হয়, পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আয়োজিত এ কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
ডা. আউয়াল বলেন, প্রধানমন্ত্রী হওয়ার পর আজ মঙ্গলবার প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শনে আসবেন ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের স্মৃতিবিজড়িত। এ কারণেই পিজি হাসপাতালের সামনে শাহবাগ মোড় থেকে বাংলামোটর পর্যন্ত সড়ক ডিভাইডারজুড়ে ঔষধি বৃক্ষরোপণের আয়োজন করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সসোমেক ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ডা. মো. ইমরান হোসেন, রংপুর মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ডা. আমিনুর রহমান রনি, ড্যাব নেতা ডা. ওয়ারা সালেহ সিফাত, ডা. নিশাত সুলতানা মুন্নী, ডা. মাহবুব, ডা. প্রিন্স, যশোর মেডিকেল ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. মোর্শেদা আক্তার ঝর্না, ফমেক ছাত্রদলের সাধারণ সম্পাদক ডা. মুস্তাকিম কবীর, কেন্দ্রীয় ছাত্রদল নেতা শাহ পরান এবং ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি ডা. সাব্বির আহমেদ প্রমুখ।