নিজস্ব প্রতিবেদক
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান-কে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।
বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের সভায় এ অভিনন্দন জানানো হয়। সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করেন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি জানান, সন্ধ্যা ৭টায় শুরু হওয়া মন্ত্রিসভার সভায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে ড. খলিলুর রহমানের নির্বাচিত হওয়ার বিষয়টি বিশেষভাবে আলোচিত হয়।
সভায় বলা হয়, এ অর্জন বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান মর্যাদা, কূটনৈতিক সক্ষমতা এবং বহুপাক্ষিক সম্পর্কের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। একই সঙ্গে এটি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করবে বলেও মত প্রকাশ করা হয়।
মন্ত্রিসভার সদস্যরা এ সাফল্যকে দেশের জন্য একটি গৌরবময় অর্জন হিসেবে উল্লেখ করে ড. খলিলুর রহমানের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
সভায় মন্ত্রিসভার সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।