ঢাকা, নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের জ্বালানি খাতের উন্নয়ন, সম্প্রসারণ ও আধুনিকীকরণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।
বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল-হামুদী এ আশ্বাস প্রদান করেন। বৈঠকে উভয় দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে প্রতিমন্ত্রী বলেন, সংযুক্ত আরব আমিরাত দীর্ঘদিন ধরে বাংলাদেশের অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্যের অন্যতম প্রধান ও নির্ভরযোগ্য উৎস। তিনি বিশ্ববাজারে জ্বালানির মূল্য অস্থিরতা ও আকস্মিক ধাক্কা মোকাবিলায় ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আওতায় দীর্ঘমেয়াদি জ্বালানি সহযোগিতার বিষয়টি রাষ্ট্রদূতের কাছে তুলে ধরেন।
তিনি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বাণিজ্যের সম্প্রসারণ, স্পট মার্কেটের ওপর নির্ভরতা কমানো, বিদ্যুৎ ও জ্বালানি গ্রিড আধুনিকীকরণ, কার্বন নিঃসরণ হ্রাস, স্বয়ংক্রিয় সাব-স্টেশন স্থাপন এবং সমুদ্রবন্দর এলাকায় জ্বালানি বাঙ্কারিং সুবিধা উন্নয়নের বিষয়ে সহযোগিতা কামনা করেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, সংযুক্ত আরব আমিরাত যেভাবে গ্রিন হাইড্রোজেন উৎপাদনের কেন্দ্র হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করছে, বাংলাদেশও সার কারখানা ও ভারী শিল্প খাতে প্রাকৃতিক গ্যাসের বিকল্প হিসেবে গ্রিন হাইড্রোজেন ও গ্রিন অ্যামোনিয়া ব্যবহারের পরিকল্পনা করছে। এ ক্ষেত্রে বিনিয়োগ ও কারিগরি সহায়তা প্রদানের আহ্বান জানান তিনি।
জবাবে রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল-হামুদী বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়ন এবং সম্প্রসারণে ইউএই সরকারের গভীর আগ্রহের কথা উল্লেখ করেন। তিনি এ খাতে প্রয়োজনীয় বিনিয়োগ, প্রযুক্তি ও কারিগরি সহযোগিতা প্রদানে সর্বাত্মক সমর্থনের আশ্বাস দেন।
রাষ্ট্রদূত দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও ঐতিহাসিক অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করার প্রত্যয়ও ব্যক্ত করেন।
বৈঠকে জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ এবং ঢাকাস্থ সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের কর্মকর্তা আলতাপ হোসেন উপস্থিত ছিলেন।