• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
Headline
কালাইয়ে টাপেন্টাডল-গাঁজাসহ ৬ জন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে সাজা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন কর্তৃক নৈরাজ্যের প্রতিবাদ এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে ডেমরায় প্রতিবাদ মিছিল জেলা পরিষদের সব স্থাপনায় সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক স্থানীয় নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার সিলেটের পর্যটন-শিল্পে বিনিয়োগে প্রবাসীদের আহ্বান রাষ্ট্রপতির শিল্পে গ্যাস সরবরাহ বাড়ছে শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের মাস্টার ট্রেইনার পুলে আবেদনের সময় বাড়ল স্থানীয় সরকার নির্বাচন বিএনপির জন্য টেস্ট ম্যাচ: আসাদুজ্জামান বাংলাদেশ-ব্রিটেনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে আলোচনা

জেলা পরিষদের সব স্থাপনায় সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক

অনলাইন ডেস্ক / ৫২ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

৩১ জানুয়ারির মধ্যে বাস্তবায়নের নির্দেশ ॥ দুই ঘণ্টার ব্যাটারি ব্যাকআপসহ রুফটপ সোলার ॥ উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে দিয়ে প্রতি ইউনিটে ১০ টাকা ৫০ পয়সা

নিজস্ব প্রতিবেদক

বিদ্যুৎ সাশ্রয় ও টেকসই জ্বালানি ব্যবহারে বড় উদ্যোগ নিয়েছে সরকার। দেশের সব জেলা পরিষদের ভবন ও আওতাধীন স্থাপনায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৩১ জানুয়ারি ২০২৭-এর মধ্যে এ কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে গত ১৫ সেপ্টেম্বর এ সংক্রান্ত জরুরি নির্দেশনা জারি করা হয়। বিদ্যুৎ বিভাগের গত ১ সেপ্টেম্বরের নির্দেশনার আলোকে জারি করা ওই চিঠি দেশের সব জেলা পরিষদের প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, জেলা ও উপজেলা পর্যায়ের স্থানীয় সরকার বিভাগের আওতাধীন সব দাপ্তরিক মূল ভবন এবং জেলা পরিষদের আওতাধীন স্থাপনাগুলোতে রুফটপ সোলার ব্যবস্থা স্থাপন করতে হবে। এর মধ্যে জেলা পরিষদ ভবন, অডিটোরিয়াম, ডাকবাংলো, হাট-বাজারসহ অন্যান্য ভবন রয়েছে।

প্রতিটি স্থাপনায় সৌরবিদ্যুৎ ব্যবস্থার সঙ্গে ন্যূনতম দুই ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ রাখা বাধ্যতামূলক করা হয়েছে। এ কার্যক্রম বাস্তবায়নে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অথবা রাজস্ব তহবিলের অর্থ ব্যয় করা যাবে।

উদ্বৃত্ত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে

সরকারের নির্দেশনায় বলা হয়েছে, সৌরবিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে প্রথমে সংশ্লিষ্ট স্থাপনার নিজস্ব বিদ্যুৎ চাহিদা পূরণ করতে হবে। এরপর উদ্বৃত্ত বিদ্যুৎ নেট মিটারিং পদ্ধতিতে জাতীয় গ্রিডে সরবরাহ করতে হবে।

নেট মিটারিং নির্দেশিকা, ২০২৫ অনুযায়ী জাতীয় গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের জন্য প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা হারে প্রাপ্য হবে। ফলে সৌরবিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে জেলা পরিষদগুলো একদিকে বিদ্যুৎ ব্যয় কমাতে পারবে, অন্যদিকে উদ্বৃত্ত বিদ্যুৎ গ্রিডে সরবরাহ করে রাজস্ব আয় করতে পারবে।

স্বয়ংসম্পূর্ণ জেলা পরিষদে নিজস্ব অর্থায়ন

নির্দেশনায় স্বয়ংসম্পূর্ণ জেলা পরিষদগুলোকে নিজস্ব রাজস্ব ও এডিপির অর্থায়নে সৌরবিদ্যুৎ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি বাণিজ্যিকভাবে এর সম্প্রসারণের উদ্যোগ নিতে বলা হয়েছে।

অন্যদিকে, আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ নয় এমন জেলা পরিষদগুলোকে বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানের তালিকাভুক্ত কোম্পানির আর্থিক ও কারিগরি সহায়তায় জাতীয় রুফটপ সোলার কর্মসূচি বাস্তবায়ন গাইডলাইন অনুযায়ী কার্যক্রম বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

২০ বছরের রক্ষণাবেক্ষণ চুক্তি

সৌর প্যানেল স্থাপনকারী কোম্পানির সঙ্গে পরবর্তী ২০ বছরের মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তি করার নির্দেশনাও দেওয়া হয়েছে। এর ফলে স্থাপিত সৌরবিদ্যুৎ ব্যবস্থার দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকার নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম শেষ করতে জেলা পরিষদগুলোকে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। আগামী ৩১ জানুয়ারি ২০২৭-এর মধ্যে দেশের সব জেলা পরিষদের আওতাধীন নির্ধারিত স্থাপনায় সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের কাজ শেষ করার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category