রোববার (১ নভেম্বর) সন্ধ্যা ৬টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন এবং বিএনপির শ্রমিক সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত রয়েছেন।
এর আগে রোববার দুপুর ১টার দিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ সময় পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষ এবং সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। শ্রমিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে নিজের সংযুক্ত আরব আমিরাত সফরও বাতিল করেছেন তিনি।
এদিকে, রোববার সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেন শ্রমমন্ত্রী।
উল্লেখ্য, ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রোববার সকাল থেকে রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু করেন পোশাক শ্রমিকরা। মিরপুর-১০ নম্বর গোলচত্বর থেকে শুরু হওয়া বিক্ষোভ পরে মিরপুর-১১, মিরপুর-১২ ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।
একই দাবিতে গাজীপুর, ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলেও বিক্ষোভ, সড়ক অবরোধ এবং যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে এসব এলাকার প্রায় ৩০০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
শ্রমিকদের দাবি, শিল্পাঞ্চলে সৃষ্ট অস্থিরতা নিরসন এবং শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের এ বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।