কুমিল্লার লালমাই উপজেলার ভূশ্চি প্রি-ক্যাডেট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও বৃত্তি পরীক্ষার সনদ প্রদান অনুষ্ঠান শনিবার (২৩ মে) বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক মাওলানা আবু হানিফ মজুমদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমাই প্রেস ক্লাবের সভাপতি ড. মোহাম্মদ শাহজাহান মজুমদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির কুমিল্লা জেলা সহ-সভাপতি আনোয়ার উল্লাহ বিএসসি, লালমাই উপজেলা সভাপতি ও যুক্তিখোলা মডেল একাডেমির প্রধান শিক্ষক ওসমান গনি মজুমদার, লালমাই উপজেলা সচিব মো. আবদুল ওয়াদুদ এবং অভিভাবক সদস্য অ্যাডভোকেট রানা মজুমদার।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের মজুমদার ও সিনিয়র শিক্ষক হাবিবুর রহমান।
বক্তারা শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও নৈতিক শিক্ষায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার, বৃত্তির সনদ ও আর্থিক সম্মাননা তুলে দেওয়া হয়।