রাজধানীর কয়েকটি এলাকায় কোরবানির বর্জ্য অপসারণে দায়িত্বে অবহেলার ঘটনায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ তথ্য জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী কোনো ধরনের প্রোটোকল ছাড়াই শনিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় কয়েকটি স্থানে বর্জ্য অপসারণ না হওয়ায় তিনি অসন্তোষ প্রকাশ করেন।
প্রতিমন্ত্রী জানান, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকার কিছু স্থানে কোরবানির বর্জ্যের পাশাপাশি পূর্বের জমে থাকা ময়লা-আবর্জনাও রাস্তার ওপর পড়ে থাকতে দেখা যায়। এ ঘটনায় প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত (ওএসডি) করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (জোন-৫) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (জোন-১) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বলেন, প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেছেন।
তিনি আরও জানান, এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে গাড়িতে স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক মুহাম্মদ বেলায়েত হোসেন মৃধা এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম উপস্থিত ছিলেন।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমে কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না এবং দায়িত্ব পালনে ব্যর্থতার ক্ষেত্রে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।