চট্টগ্রাম সার্কিট হাউস সংলগ্ন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ‘জিয়া স্মৃতি জাদুঘর’ সংস্কার ও আধুনিকায়নের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।
শুক্রবার (তারিখ) বেলা ১১টার দিকে জাদুঘরটি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, বিগত সরকারের ‘প্রতিহিংসামূলক রাজনীতির’ কারণে দীর্ঘদিন ধরে অবহেলা ও অযত্নে পড়ে থাকা ঐতিহাসিক এই স্থাপনাকে পুনরায় তার স্বমহিমায় ফিরিয়ে আনা হবে। বর্তমানে জাদুঘরের কয়েকটি কক্ষ সংস্কার কাজের জন্য খালি রাখা হয়েছে। সংস্কার ও আধুনিকায়ন শেষে সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি এবং তাঁর ব্যবহৃত বিভিন্ন নিদর্শন সংরক্ষণ ও প্রদর্শনের ব্যবস্থা করা হবে।
আহমেদ আযম খান বলেন, “বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসে মেজর জিয়া থেকে রাষ্ট্রপতি জিয়া—ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে তাঁর ভূমিকা দেশকে আলোড়িত ও সমৃদ্ধ করেছে। তাঁর স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে এই জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে।”
তিনি আরও বলেন, জাদুঘরের যেসব কক্ষ বর্তমানে খালি রয়েছে, সেগুলো সংস্কার ও পুনর্বিন্যাসের আওতায় আনা হয়েছে। কাজ সম্পন্ন হলে সেখানে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিভিন্ন স্মৃতিচিহ্ন, ব্যবহৃত সামগ্রী এবং ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণ করা হবে।
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।