দেশের ১০টি জেলা সদর হাসপাতালে আনুষ্ঠানিকভাবে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চালু করা হচ্ছে। জরুরি রেসপন্স ও মহামারি প্রস্তুতি (ইআরপিপি) প্রকল্পের আওতায় স্থাপিত এসব আইসিইউর উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
রোববার (১৪ জুন) সকাল ১০টায় নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে প্রধান উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। একইসঙ্গে দেশের বাকি ৯টি হাসপাতাল ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত থাকবে।
নতুন আইসিইউ চালু হওয়া হাসপাতালগুলো হলো— মুন্সীগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতাল, টাঙ্গাইল ২৫০ শয্যা জেলা হাসপাতাল, সুনামগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল, গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, চুয়াডাঙ্গা জেলা হাসপাতাল, নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, শেরপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল, মাদারীপুর জেলা হাসপাতাল এবং বাগেরহাট জেলা হাসপাতাল।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিটি আইসিইউতে প্রয়োজনীয় পেডিয়াট্রিক ভেন্টিলেটর, অক্সিজেন কনসেন্ট্রেটরসহ আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও অন্যান্য জনবলও নিয়োগ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এসব আইসিইউ চালুর ফলে জেলা পর্যায়ে শিশু ও প্রাপ্তবয়স্ক জটিল রোগীদের উন্নতমানের জরুরি ও নিবিড় চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব হবে। এতে গুরুতর রোগীদের চিকিৎসার জন্য রাজধানী বা বড় শহরের হাসপাতালের ওপর নির্ভরশীলতা কমবে এবং স্থানীয় পর্যায়েই উন্নত ‘ক্রিটিক্যাল কেয়ার’ সেবা পাওয়া যাবে।
স্বাস্থ্য খাত সংশ্লিষ্টদের মতে, জেলা পর্যায়ে আইসিইউ সুবিধা সম্প্রসারণ দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও জনমুখী করে তুলবে।