প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ। আজ চীনের স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ও কাজাখস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। এ লক্ষ্যে ঢাকা ও আস্তানায় স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপনের বিষয়ে দুই দেশের প্রধানমন্ত্রী নীতিগতভাবে একমত হন।
দুই নেতা রাজনৈতিক, অর্থনৈতিক ও জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত উচ্চপর্যায়ের বৈঠক আয়োজনের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন। তারা মনে করেন, পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে সহায়ক হবে।
কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ বাংলাদেশ ও কাজাখস্তানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের ব্যাপক সম্ভাবনার কথা উল্লেখ করেন। তিনি উভয় দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে তোলার আহ্বান জানান।
বৈঠকে বাংলাদেশ থেকে কাজাখস্তানে দক্ষ জনশক্তি রপ্তানি, নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল অবকাঠামো, প্রযুক্তি, কৃষিভিত্তিক শিল্প এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে পারস্পরিক সহযোগিতা ও বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় পানি কূটনীতি বিষয়ক জাতিসংঘের অধীনে একটি বিশেষায়িত সংস্থা প্রতিষ্ঠার জন্য কাজাখস্তানের প্রস্তাবে বাংলাদেশের সমর্থন কামনা করেন প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ। জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ উদ্যোগের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।