চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ধারাবাহিক ভালো পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ২০২৮ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ফলে আগামী আসরে অংশ নিতে টাইগ্রেসদের আর বাছাইপর্ব খেলতে হবে না।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে, চলমান বিশ্বকাপের দুই গ্রুপ থেকে সেরা চারটি করে মোট আটটি দল সরাসরি ২০২৮ সালের বিশ্বকাপে জায়গা করে নিয়েছে।
গ্রুপ-১ থেকে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ভারত ও দক্ষিণ আফ্রিকা সরাসরি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। এখন পর্যন্ত চার ম্যাচে আয়ারল্যান্ড ও পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। গ্রুপপর্বের শেষ ম্যাচে রোববার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল।
অন্যদিকে, গ্রুপ-২ থেকে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। এছাড়া স্বাগতিক দেশ হিসেবে পাকিস্তানও ২০২৮ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের সুযোগ পেয়েছে।
আইসিসি জানিয়েছে, বিশ্বকাপের বাকি তিনটি স্থানের মধ্যে একটি আগামী ৬ জুলাইয়ের মধ্যে প্রকাশিত নারী টি-টোয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষ দলকে দেওয়া হবে। বর্তমানে সেই দৌড়ে এগিয়ে রয়েছে আয়ারল্যান্ড। অবশিষ্ট দুটি দল বাছাইপর্বের মাধ্যমে নির্ধারিত হবে।
এদিকে, আগামী বছর শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য প্রথম নারী চ্যাম্পিয়নস ট্রফি উপলক্ষেও অংশগ্রহণকারী দলগুলোর যোগ্যতার পথ চূড়ান্ত করেছে আইসিসি। স্বাগতিক শ্রীলঙ্কার পাশাপাশি আইসিসি র্যাংকিংয়ের শীর্ষ পাঁচটি দল এই টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ পাবে। বর্তমান র্যাংকিং অনুযায়ী অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সেই তালিকায় রয়েছে।
২০২৮ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি জায়গা নিশ্চিত হওয়া বাংলাদেশের নারী ক্রিকেটের জন্য একটি বড় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেটে টাইগ্রেসদের ধারাবাহিক উন্নতির স্বীকৃতি হিসেবে এই সাফল্য নতুন আত্মবিশ্বাস যোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।