নিজস্ব প্রতিবেদক | একুশে সংবাদ
আর্থিকভাবে সংকটে থাকা চারটি আর্থিক প্রতিষ্ঠানকে পুনর্গঠন এবং আমানতকারীদের অর্থ ফেরত নিশ্চিত করতে সর্বোচ্চ তিন মাসের বিশেষ সময় দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ব্যাংক রেজুলেশন আইন, ২০২৫-এর ধারা ১৫ অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে এ সময়সীমা নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদের অঙ্গীকারের ভিত্তিতে অকার্যকর অবস্থা থেকে পুনরায় কার্যকর (ভায়েবল) অবস্থায় ফিরিয়ে আনতেই এই সুযোগ দেওয়া হয়েছে।
বিশেষ সময় পাওয়া চারটি আর্থিক প্রতিষ্ঠান হলো—
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নির্ধারিত তিন মাসের মধ্যে প্রতিষ্ঠানগুলোকে নতুন মূলধন সংযোজন, প্রয়োজনীয় তারল্য নিশ্চিত এবং আর্থিক সক্ষমতা পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এ দায়িত্ব পালন করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ ও স্পন্সর শেয়ারহোল্ডাররা।
এছাড়া নিজস্ব সম্পদ ও সম্পত্তি বিক্রি, বকেয়া ঋণ আদায় এবং খেলাপি ঋণ পুনঃতফসিল বা নিষ্পত্তির মাধ্যমে শ্রেণিকৃত ঋণের হার কমিয়ে আনতে হবে। একই সঙ্গে সাধারণ ও ব্যক্তিগত আমানতকারীদের অর্থ পরিশোধ নিশ্চিত করতেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে আরোপিত শর্তগুলোর যেকোনো একটি বা একাধিক পূরণে ব্যর্থ হলে ব্যাংক রেজুলেশন আইন, ২০২৫ অনুযায়ী ব্যাংক রেজুলেশন বিভাগ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় রেজুলেশন কার্যক্রম শুরু করবে।
কেন্দ্রীয় ব্যাংকের এ উদ্যোগের লক্ষ্য হলো দুর্বল আর্থিক প্রতিষ্ঠানগুলোকে পুনরুজ্জীবিত করা, আমানতকারীদের স্বার্থ রক্ষা করা এবং দেশের আর্থিক খাতে স্থিতিশীলতা বজায় রাখা।