প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাইকা প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
একুশে সংবাদ ডেস্ক
/ ১১৪
Time View
Update :
বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
Share
উন্নয়ন প্রকল্প, জ্বালানি সহযোগিতা ও রোহিঙ্গা সংকট নিয়ে ফলপ্রসূ আলোচনা
নিজস্ব প্রতিবেদক | একুশে সংবাদ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর প্রেসিডেন্টসহ একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। বৈঠকে বাংলাদেশের চলমান উন্নয়ন প্রকল্প, জ্বালানি সহযোগিতা, অর্থনৈতিক অংশীদারিত্ব এবং রোহিঙ্গা সংকটসহ দ্বিপক্ষীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
বুধবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাপানের বৈদেশিক সম্পর্কবিষয়ক সংসদীয় উপমন্ত্রী শিমাদা তোমাকি-এর নেতৃত্বে প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৈঠকে জাইকার অর্থায়নে বাস্তবায়নাধীন মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, এমআরটি (মেট্রোরেল) লাইনসমূহ এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান আশা প্রকাশ করেন, আগামী ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণকাজ নির্ধারিত সময়েই সম্পন্ন হবে এবং এটি উদ্বোধনের জন্য প্রস্তুত থাকবে।
বৈঠকে জ্বালানি খাতে বাংলাদেশের সহযোগিতা বাড়ানোর বিষয়েও ইতিবাচক অগ্রগতি হয়। জাপান বর্তমানে ঘোষিত ৩১২ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা ৫০০ মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে বলে জানান উপ-প্রেস সচিব।
এছাড়া বাংলাদেশ ও জাপানের মধ্যে স্বাক্ষরিত বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) দ্রুত বাস্তবায়নে উভয় দেশ তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
বৈঠকে জাপানি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীকে জানায়, বাংলাদেশ নৌবাহিনীকে জাপানের পক্ষ থেকে পাঁচটি প্যাট্রোল বোট উপহার দেওয়া হবে, যা দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতাকে আরও জোরদার করবে।
রোহিঙ্গা সংকট নিয়েও বৈঠকে গুরুত্বের সঙ্গে আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাপানের অব্যাহত সহযোগিতা এবং আন্তর্জাতিক পরিসরে আরও সক্রিয় ভূমিকা কামনা করেন।
সাক্ষাৎ শেষে জাপানি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ জানায়। প্রধানমন্ত্রী সুবিধাজনক সময়ে জাপান সফরের আগ্রহ প্রকাশ করেন বলে জানান প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব।
বাংলাদেশের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান।
জাপানের পক্ষে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি, জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতা ব্যুরোর পরিচালক হিরোসে আইকো, জাইকার প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো এবং জাইকার বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি তাকাহাশি জুনকো।