বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ৩৩.২০ বিলিয়ন ডলার: বাংলাদেশ ব্যাংক
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭ দশমিক ৮৫ বিলিয়ন (৩৭ হাজার ৮৪৭ দশমিক ৭৭ মিলিয়ন) মার্কিন ডলারে পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৬ জুলাই পর্যন্ত দেশের মোট (গ্রস) বৈদেশিক মুদ্রার রিজার্ভের এ অবস্থান দাঁড়িয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল-৬ (বিপিএম-৬) পদ্ধতি অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ৩৩ হাজার ১৯৯ দশমিক ৩৯ মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ ৩৩ দশমিক ২০ বিলিয়ন মার্কিন ডলার।
বাংলাদেশ ব্যাংক জানায়, গ্রস রিজার্ভ এবং বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করা রিজার্ভের মধ্যে পার্থক্য রয়েছে। আইএমএফের নির্ধারিত বিপিএম-৬ পদ্ধতিতে শুধুমাত্র সহজে ব্যবহারযোগ্য বা তাৎক্ষণিকভাবে ব্যয়যোগ্য বৈদেশিক মুদ্রার সম্পদকে রিজার্ভ হিসেবে গণনা করা হয়। ফলে এ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ গ্রস রিজার্ভের তুলনায় কম দেখা যায়।
বিশ্লেষকদের মতে, বৈদেশিক মুদ্রার রিজার্ভের ইতিবাচক প্রবণতা দেশের আমদানি ব্যয় মেটানো, বৈদেশিক ঋণ পরিশোধ এবং সামগ্রিক আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।