ঢাকার ধামরাই উপজেলার টোপেরবাড়ী গ্রামে সাপের কামড়ে রত্না (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কান্টাহাটি গ্রামের আনন্দ কুমার সূত্রধরের স্ত্রী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (৩১ জুলাই) দুপুর আনুমানিক ১২টার দিকে টোপেরবাড়ী এলাকার ভাড়া বাসায় গোসলখানা পরিষ্কার করার জন্য রান্নাঘর থেকে হারপিক নিয়ে বের হওয়ার সময় অসাবধানতাবশত একটি সাপের গায়ে পা পড়ে। এ সময় সাপটি তার বাম পায়ের বৃদ্ধাঙ্গুলে কামড় দেয়।
সাপের কামড়ে আতঙ্কিত হয়ে রত্না চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন।
প্রতিবেশী কানন রানী সরকার জানান, ঘটনাস্থলে গিয়ে তিনি রত্নার বাম পায়ের বৃদ্ধাঙ্গুলে সুচের মতো চারটি দাগ দেখতে পান। রত্না তাকে জানান, একটি বড় কালো রঙের সাপ তাকে কামড়েছে। তিনি আরও বলেন, রত্না আগে থেকেই হৃদরোগে আক্রান্ত ছিলেন এবং সাপের কামড়ের পর ভয়ে প্রচণ্ড কাঁপছিলেন।
খবর পেয়ে রত্নার স্বামী ও ছেলে তাকে প্রথমে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পরবর্তীতে পরিবারের সদস্যরা মরদেহ নিজ গ্রাম কান্টাহাটিতে নিয়ে যান। স্থানীয়ভাবে কবিরাজি চিকিৎসারও চেষ্টা করা হলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। পরে নিজ গ্রামের শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।
এ বিষয়ে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বশীল কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।