নিজস্ব প্রতিবেদক | ঢাকা
সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের পরবর্তী রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হতে পারে—এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
রোববার (৯ আগস্ট) সন্ধ্যায় একটি গণমাধ্যমের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে তাঁর মনোনয়ন নিয়ে জানতে চাওয়া হলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। বিষয়টি আমার নলেজে নেই।’
এদিকে নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, ১৬ আগস্ট মনোনয়নপত্র বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে। আগামী ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশনকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি এবং বিএনপির রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী মনোনয়নপত্র দুটি সংগ্রহ করেন।
বিএনপির একটি সূত্রের বরাত দিয়ে জানা গেছে, প্রায় ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে দলটির সম্ভাব্য প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আলোচনায় এসেছে। তবে দলীয়ভাবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
দীর্ঘ রাজনৈতিক জীবনে সততা, প্রজ্ঞা ও ব্যক্তিত্বের কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছেন।
১৯৯২ সালে তিনি বিএনপির ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি নির্বাচিত হন। একই সময়ে তিনি জাতীয়তাবাদী কৃষক দলের সহসভাপতির দায়িত্বও পালন করেন।
২০০৯ সালের ডিসেম্বরে বিএনপির পঞ্চম জাতীয় সম্মেলনে তিনি সিনিয়র যুগ্ম মহাসচিব নির্বাচিত হন। পরবর্তীতে ২০১১ সালের মার্চ থেকে ভারপ্রাপ্ত মহাসচিব এবং ২০১৬ সাল থেকে বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৯৯১ ও ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী রমেশ চন্দ্র সেনকে পরাজিত করে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।
বিএনপি সরকারের সময়ে তিনি কৃষি মন্ত্রণালয় এবং পরবর্তীতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
দলীয় রাজনীতিতে দীর্ঘ পথচলায় মির্জা ফখরুল বিভিন্ন রাজনৈতিক সংকট ও প্রতিকূল পরিস্থিতিতে বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
অন্যদিকে রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
ফলে রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে বিএনপির পক্ষ থেকে চূড়ান্ত প্রার্থী হিসেবে কারও নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হওয়া পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঘিরে চলমান আলোচনাকে কেবল গুঞ্জন হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।