নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বশান্তি, মানবতা ও পারস্পরিক মর্যাদার ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়ে বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, অস্ত্র নয়, কূটনীতি, মানবতা, শিক্ষা ও চুক্তিই হতে পারে পরিবর্তনের কার্যকর হাতিয়ার।
শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী। বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রিজভী বলেন, জাতিসংঘে তারেক রহমান প্রত্যেক দেশের সঙ্গে প্রত্যেক দেশের সমমর্যাদা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ক প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা বলেছেন। একই সঙ্গে তিনি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি পুনর্ব্যক্ত করেছেন। রিজভীর ভাষ্য অনুযায়ী, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি বর্তমানে বিশ্বব্যাপী আলোচিত একটি বিষয়।
তিনি বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ ও নিরাপদ প্রত্যাবাসনের বিষয়েও তারেক রহমান আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন। পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে তিনি বক্তব্য দিয়েছেন বলে জানান বিএনপির এই নেতা।
রিজভী বলেন, বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তারেক রহমান বিশ্বের শান্তিকামী মানুষের প্রত্যাশার কথা তুলে ধরেছেন। তার দাবি, বিশ্বের মানুষ যুদ্ধের পরিবর্তে শান্তি ও স্থিতিশীলতা চায়।
যুদ্ধের অর্থনৈতিক প্রভাব তুলে ধরে তিনি বলেন, যুদ্ধের কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্য, খাদ্য ও জ্বালানির দাম বাড়তে পারে। একই সঙ্গে বিদ্যুৎ ও শিল্প উৎপাদন ব্যাহত হয়ে কর্মসংস্থানের ওপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে।
দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে রিজভী বলেন, নানা ধরনের ষড়যন্ত্র ও অস্থিতিশীলতা মোকাবিলায় দলের নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে। যারা আগুন দিয়ে গাড়ি পোড়ানো কিংবা দেশের গণতান্ত্রিক ধারাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী আদর্শের নেতাকর্মীরা অবস্থান নেবে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, বিএনপি কোনো ‘মিডনাইট নির্বাচন’ কিংবা অন্য কোনো অনিয়মের নির্বাচনের মাধ্যমে নয়, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করেছে। তার দাবি, বিএনপি সরকার জনগণের কল্যাণ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে কাজ করছে।
রিজভী বলেন, দেশবিরোধী, গণতন্ত্রবিরোধী এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী কোনো শক্তির বাংলাদেশে অবস্থান থাকা উচিত নয়। যারা বাংলাদেশকে অন্যের নিয়ন্ত্রণাধীন রাষ্ট্রে পরিণত করতে চায়, তাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে বলেও তিনি মন্তব্য করেন।
সমাবেশে জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক আলহাজ মাওলানা কাজী মো. সেলিম রেজা, সদস্যসচিব অ্যাডভোকেট মাওলানা কাজী মোহাম্মদ আবুল হোসেনসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। কর্মসূচিতে ওলামা দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।