নকলা (শেরপুর) প্রতিনিধি:
বুধবার ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে শেরপুরের নকলা উপজেলায় বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নকলা উপজেলা শাখা।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দিবসটির তাৎপর্য তুলে ধরা এবং নিহতদের স্মরণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় সমর্থকেরা অংশগ্রহণ করেন।
কর্মসূচির শুরুতে নকলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল। পরে মিছিল শেষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে সংঘটিত সহিংসতার স্মৃতিচারণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠা দিয়ে সংঘটিত হামলা ও হত্যাকাণ্ড বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায়। তাঁরা ওই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে অতীতের সব রাজনৈতিক হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত এবং জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।
বাংলাদেশ জামায়াতে ইসলামী নকলা উপজেলা শাখার ভারপ্রাপ্ত আমির শরিফুল ইসলাম শরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা শুরা ও কর্মপরিষদের সদস্য মাহফুজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক কারানির্যাতিত ছাত্রনেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নকলা পৌরসভার মেয়র পদপ্রার্থী মু. হাছিবুল হাসান হাসিব। এ ছাড়া বক্তব্য রাখেন নকলা উপজেলার সাবেক আমির মাওলানা খাদিমুল ইসলাম ও মাওলানা গোলাম সারোয়ার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৯ নম্বর চন্দ্রকোনা ইউনিয়ন জামায়াতের সভাপতি হুমায়ুন কবির, নকলা উপজেলা পেশাজীবী জামায়াতের সভাপতি মাওলানা হযরত আলী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইমাদ সোহেল আকন্দ, নকলা পৌর জামায়াতের সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, নকলা উপজেলার ২ নম্বর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল হাসান সাফিত এবং ৪ নম্বর গৌড়দা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আজিজুল ইসলাম কাঞ্চনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় কর্মী-সমর্থকেরা।
আলোচনা সভা শেষে দেশের শান্তি, শৃঙ্খলা ও সমৃদ্ধি কামনা এবং নিহতদের রুহের মাগফিরাত প্রার্থনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।