যাত্রীদের জানমালের নিরাপত্তা ও সুষ্ঠু রেল পরিচালনা নিশ্চিত করতে ট্রেনের ছাদে ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে বাংলাদেশ রেলওয়ে। এ নির্দেশনা অমান্য করে কাউকে ট্রেনের ছাদে ভ্রমণ করতে দেখা গেলে তাকে দুষ্কৃতিকারী হিসেবে গণ্য করে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (৩১ অক্টোবর) বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের পক্ষ থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ট্রেনের ছাদে থাকা দুষ্কৃতিকারী ও ছিনতাইকারীদের মাধ্যমে যাত্রীরা আক্রান্ত ও আহত হচ্ছেন। এমনকি এসব ঘটনায় প্রাণহানির ঘটনাও ঘটছে। বাংলাদেশ রেলওয়ের আইন অনুযায়ী, ট্রেনের ছাদে ভ্রমণ একটি দণ্ডনীয় অপরাধ।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বারবার নিষেধ করা সত্ত্বেও অনেক যাত্রী ট্রেনের ছাদে ভ্রমণ করছেন। এতে একদিকে যেমন রেল পরিচালনায় বিঘ্ন সৃষ্টি হচ্ছে, অন্যদিকে যাত্রীদের জীবন ও নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে।
এ পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত এবং রেল চলাচল স্বাভাবিক রাখতে ট্রেনের ছাদে ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে সবাইকে এ ধরনের ঝুঁকিপূর্ণ ভ্রমণ থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় রেলযাত্রা নিশ্চিত করতে ট্রেনের ছাদে ভ্রমণ বন্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।