তিন পুলের মাথায় গভীর রাতে হামলা; আহত ব্যবসায়ী চমেক হাসপাতালে, জড়িতদের গ্রেপ্তারের দাবি ব্যবসায়ীদের
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীর অন্যতম বৃহৎ পাইকারি ও খুচরা বাণিজ্যকেন্দ্র রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী জাকির হোসেনের ওপর সন্ত্রাসী হামলা এবং তাঁর কাছ থেকে ৫ থেকে ৬ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর রিয়াজউদ্দিন বাজারসংলগ্ন তিন পুলের মাথা এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় আহত জাকির হোসেনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় ব্যবসায়ী মহলে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। হামলার খবর ছড়িয়ে পড়ার পরপরই রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ীরা চমেক হাসপাতালে জড়ো হয়ে ঘটনার প্রতিবাদ জানান। একই সঙ্গে হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং ছিনিয়ে নেওয়া টাকা উদ্ধারের দাবি জানান তাঁরা।
হামলার শিকার ব্যবসায়ী জাকির হোসেনের অভিযোগ অনুযায়ী, এ ঘটনায় জসীমউদ্দীন প্রকাশ আরমান (৪৫), সিরাজুল ইসলাম প্রকাশ সিরাজ (৪০), দিদারুল আলম প্রকাশ কালুদিদার (৫৫) ও আবু সালেহ আবিদের (৩৫) সম্পৃক্ততা রয়েছে। এ ছাড়া হামলায় আরও ৬ থেকে ৭ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি জড়িত ছিলেন বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আহত ব্যবসায়ী জাকির হোসেনকে দেখতে যান রিয়াজউদ্দিন বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম। এ সময় তিনি হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানান এবং অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
মোহাম্মদ আবুল কাশেম বলেন, “জাকির হোসেন একজন সৎ ও সহজ-সরল ব্যবসায়ী। তাঁর ওপর এ ধরনের হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এ ঘটনায় জড়িতদের দ্রুত আটক করে আইনের আওতায় আনতে হবে।”
তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান।
এদিকে, চমেক হাসপাতালে ব্যবসায়ীদের তাৎক্ষণিক প্রতিবাদ কর্মসূচিতে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করা হয়। ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বাজারকেন্দ্রিক অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তাঁরা।
হাসপাতালে উপস্থিত ব্যবসায়ীরা জানান, জাকির হোসেন যাওয়ার পথে হামলাকারীরা ওত পেতে ছিলেন। এ সময় তাঁর কাছে থাকা নগদ ৫ থেকে ৬ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়। তাঁকে হত্যার উদ্দেশ্যে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কিরিচ দিয়ে কোপানো হয় বলে অভিযোগ করেন তাঁরা। জাকির হোসেন মারা গেছেন মনে করে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন। পরে একজন সাধারণ পথচারী তাঁকে উদ্ধার করেন। বর্তমানে তিনি চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রিয়াজউদ্দিন বাজার চট্টগ্রাম নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র। প্রতিদিন এ বাজারে বিপুলসংখ্যক ব্যবসায়ী, শ্রমিক, ক্রেতা ও পণ্য পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তির সমাগম ঘটে। ব্যবসায়িক লেনদেনের কারণে অনেক ব্যবসায়ীকে নগদ অর্থ বহন করতে হয়। এ অবস্থায় একজন ব্যবসায়ীর ওপর হামলা ও বিপুল অঙ্কের টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ব্যবসায়ী মহলে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
ব্যবসায়ীদের দাবি, এ ঘটনার নিরপেক্ষ তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে হবে। একই সঙ্গে বাজার ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়কে নিরাপত্তা জোরদার, অপরাধপ্রবণ এলাকায় নজরদারি বৃদ্ধি এবং ব্যবসায়ীদের জানমাল রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
উল্লেখ্য, হামলার শিকার জাকির হোসেন রিয়াজউদ্দিন বাজার শ্রমিকদলের সহসভাপতি। তাঁর ওপর হামলার খবর ছড়িয়ে পড়ার পর ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
সেলিম/ চ/