নিজস্ব প্রতিবেদক
রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরানো এবং ব্যাটারিচালিত ই-রিকশা চলাচল নিয়ন্ত্রণের লক্ষ্যে আজ মঙ্গলবার (৩ নভেম্বর) থেকে নিবন্ধন কার্যক্রম শুরু করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ কার্যক্রমের আওতায় প্রতিটি আবেদন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।
ডিএসসিসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার থেকে নগর ভবন ও সংস্থাটির সব আঞ্চলিক কার্যালয়ে ই-রিকশার নিবন্ধনের আবেদন ফরম বিতরণ করা হবে। নির্ধারিত মূল্য পরিশোধ করে এসব স্থান থেকে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সম্প্রতি স্থানীয় সরকার বিভাগের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৬’ অনুসরণ করে এ নিবন্ধন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
আবেদনকারীর যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্র
ডিএসসিসির নির্দেশনা অনুযায়ী, নিবন্ধনের আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। আবেদনপত্রের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট আকারের ছবি, নির্ধারিত ফি জমার মূল রসিদ এবং নির্ধারিত ফরমে ফিটনেস সনদ জমা দিতে হবে।
এ ছাড়া আবেদন ও দাখিল করা কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নির্ধারিত প্রযুক্তিগত মানদণ্ড ও নিরাপত্তাবৈশিষ্ট্য অনুযায়ী ই-রিকশার উপযুক্ততা পরীক্ষা করা হবে। নিবন্ধনের জন্য কারিগরি ছাড়পত্র গ্রহণও বাধ্যতামূলক।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, একজন ব্যক্তি তার একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ পাঁচটি আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন এবং সর্বোচ্চ পাঁচটি ই-রিকশার নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন।
তবে আবেদন ফরম সংগ্রহ কিংবা জমা দিলেই নিবন্ধন নিশ্চিত হবে না। নির্ধারিত সব শর্ত ও প্রযুক্তিগত মানদণ্ডে উত্তীর্ণ ই-রিকশাকেই নিবন্ধন সনদ দেওয়া হবে।
এ উদ্যোগের মাধ্যমে রাজধানীর সড়কে অনিয়ন্ত্রিত ই-রিকশা চলাচল নিয়ন্ত্রণ, যানজট কমানো এবং নিরাপদ সড়কব্যবস্থা গড়ে তোলার প্রত্যাশা করছে সিটি করপোরেশন।