নিজস্ব প্রতিবেদক
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানোর সিদ্ধান্তে ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণের সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে দলটি।
সোমবার (২ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার এ দাবি জানান।
বিবৃতিতে তিনি বলেন, জ্বালানি খাতের অব্যবস্থাপনা ও বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় সাধারণ মানুষের ওপর চাপানো যাবে না। জনগণের ক্রয়ক্ষমতা বিবেচনায় না নিয়ে বারবার জ্বালানির দাম বাড়ানো সরকারের দায়িত্বশীলতার পরিচয় বহন করে না।
গোলাম পরওয়ার বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ এমনিতেই দিশেহারা। এর মধ্যে এলপিজির দাম আবারও বাড়ানোয় জনজীবনে নতুন করে দুর্ভোগ সৃষ্টি হবে। মাত্র এক মাসের ব্যবধানে ১২ কেজির সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়ানোর ফলে পারিবারিক ব্যয় আরও বাড়বে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য এ বাড়তি ব্যয় বহন করা কঠিন হয়ে পড়বে।
তিনি আরও বলেন, বাজারে দীর্ঘদিন ধরেই সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির অভিযোগ রয়েছে। রাজধানীতেই ১২ কেজির সিলিন্ডার ২ হাজার ৩০০ টাকায় বিক্রি হচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। অথচ বাজারে কার্যকর তদারকি ও জবাবদিহি নিশ্চিত করা যাচ্ছে না। আমদানিকারক, ডিলার ও খুচরা বিক্রেতাদের কমিশন বৃদ্ধির অজুহাতে ভোক্তাদের ওপর অতিরিক্ত ব্যয়ের বোঝা চাপানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল অবিলম্বে এলপিজির মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার, সরকার নির্ধারিত দামে গ্যাস বিক্রি নিশ্চিত করা, সিন্ডিকেট ও অযৌক্তিক মুনাফা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ভোক্তাদের স্বার্থে নিয়মিত বাজার তদারকির জন্য সরকারের প্রতি আহ্বান জানান।