নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
দেশের শিল্প খাতের অন্যতম বিশ্বস্ত ও শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ গ্রুপ-এর (আকিজ রিসোর্স) নতুন ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ‘ইনোভার’ (Innovar) সফলতা ও অগ্রগতির সাথে প্রথম বছর পূর্ণ করেছে। দেশের মানুষের কাছে আকিজ গ্রুপের দীর্ঘদিনের নির্ভরযোগ্যতার ধারাবাহিকতায় ২০২৫ সালে ইলেকট্রিক্যাল পণ্য নিয়ে যাত্রা শুরু করে মাত্র এক বছরের ব্যবধানে ইনোভার ইলেকট্রিক্যাল, হোম অ্যাপ্লায়েন্স, পাম্প ও টুলস ক্যাটাগরিতে ৪০০টিরও বেশি মানসম্মত পণ্যের সমৃদ্ধ সম্ভার গড়ে তুলেছে। একই সাথে দেশজুড়ে ৭০০টি নিবন্ধিত ডিলারের একটি শক্তিশালী বিতরণ নেটওয়ার্ক প্রতিষ্ঠার মাধ্যমে আকিজের বাজার উপস্থিতি ও বিপণন সক্ষমতাকে আরও সুদৃঢ় করেছে।
প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে রোববার (৮ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ‘আকিজ হাউস’-এ এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন বলেন, “আকিজ গ্রুপের মূল শক্তিই হলো মানুষের অগাধ আস্থা ও পণ্যের গুণগত মান। ইনোভার-এর এই এক বছরের যাত্রা আকিজ পরিবারের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক। আকিজের দীর্ঘদিনের শিল্প অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা আমাদের কারখানায় সর্বাধুনিক প্রযুক্তি, রোবোটিক আর্ম এবং সম্পূর্ণ স্বয়ংক্রিয় (অটোমেটেড) উৎপাদন ব্যবস্থা ব্যবহার করছি। অংশীদার ও ভোক্তাদের আধুনিক চাহিদার কথা মাথায় রেখে উচ্চমানের পণ্য তৈরিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের প্রত্যাশা, আকিজ গ্রুপের ঐতিহ্যকে ধারণ করে ইনোভার-এর মানসম্মত সেবা দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে যাবে।”
আকিজ লাইট ইঞ্জিনিয়ারিং লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসুদ আল আমিন রাজিব বলেন, “ইনোভার-এর প্রথম বছরটি ছিল আকিজ গ্রুপের অগ্রযাত্রায় একটি নতুন দিগন্ত। আকিজ ব্র্যান্ডের প্রতি দেশবাসীর যে গভীর আস্থা রয়েছে, তা রক্ষা করেই আমরা আধুনিক নকশা, প্রযুক্তি ও গুণগতমানের পণ্য বাজারে এনেছি। মাত্র এক বছরে ৪০০টির বেশি পণ্যের সম্ভার এবং ৭০০ ডিলারের নেটওয়ার্ক তৈরি করা আমাদের ভবিষ্যৎ প্রবৃদ্ধির ভিত্তিকে আরও শক্তিশালী করেছে।”
তিনি আরও বলেন, “আকিজের ঐতিহ্য অনুযায়ী আমরা কেবল পণ্য বিক্রি নয়, দ্রুততম সময়ে গ্রাহকসেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এ জন্য আমাদের রয়েছে একটি সুসংগঠিত ও দক্ষ সার্ভিস টিম, যারা দেশের যেকোনো প্রান্তে গ্রাহকের প্রয়োজনে সেবা দিতে প্রস্তুত।”
‘ডিজাইনড ফর নাউ’ (Designed for now) স্লোগানকে সামনে রেখে আকিজ গ্রুপের হাত ধরে যাত্রা শুরু করা ইনোভার-এর বর্তমান পণ্যসম্ভারে রয়েছে আধুনিক সুইচ, সকেট, এলইডি লাইট, ইলেকট্রিক কুকার, গ্যাস স্টোভ, রাইস কুকার, গিজার, ওয়াটার পাম্প, হার্ডওয়্যার ও পাওয়ার টুলসসহ নানা ধরনের গৃহস্থালি সামগ্রী। বাড়ি নির্মাণ থেকে শুরু করে রান্নাঘর ও দৈনন্দিন গৃহস্থালি চাহিদা পূরণে ব্র্যান্ডটি আকিজের বিশ্বস্ততায় নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে।
অনুষ্ঠানে আকিজ রিসোর্সের চিফ পিপল অফিসার মো. আফসার উদ্দিন, চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান, ডেপুটি চিফ অপারেটিং অফিসার সোহানুর রহমান সোহান, আকিজ লাইট ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চিফ ফিন্যান্সিয়াল অফিসার গোলাম কিবরিয়া সরকার, হেড অব মার্কেটিং মো. সাজ্জাদুল ইসলাম এবং হেড অব অপারেশন মোহাম্মদ তৌহিদুল ইসলাম ফয়সালসহ আকিজ গ্রুপের বিভিন্ন বিজনেস ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।