চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গায় বাইসাইকেল চুরির অপবাদ দিয়ে মোহাম্মদ মোবারক হোসেন (২৬) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোঃ মুসা নামে একজনকে আটক করেছে পতেঙ্গা থানা পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৫টার দিকে নগরীর পতেঙ্গা থানাধীন গোল্ডেন ব্রিজ রোডের নূর ইউসুফ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত মোবারক হোসেনের পিতার নাম আব্দুল মাহমুদ এবং মাতার নাম আমেনা বেগম। তাদের গ্রামের বাড়ি লালদিয়ার চরে হলেও দীর্ঘদিন ধরে তারা গোল্ডেন ব্রিজ রোড এলাকায় স্থায়ীভাবে বসবাস করে আসছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বাইসাইকেল চুরির অপবাদকে কেন্দ্র করে মোঃ মুসা ও তার ছেলে মোবারককে মারধর করেন বলে অভিযোগ উঠেছে। একপর্যায়ে মারধরের শিকার হয়ে ঘটনাস্থলেই মোবারকের মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।
এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এ বিষয়ে পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “উক্ত ঘটনার বিষয়ে মোঃ মুসা নামে একজনকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।