চট্টগ্রাম :
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় বন্ড সুবিধার অপব্যবহার করে পণ্য রপ্তানির মাধ্যমে সরকারের প্রায় ১ কোটি ৭১ লাখ টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা উদ্ঘাটন করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। এ ঘটনায় নিয়ালকো অ্যালয়েজ লিমিটেডের একটি রপ্তানি চালান আটক করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস, আইসিডি।
কাস্টমস সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কমিশনারের নির্দেশনায় গত ১২ নভেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে চট্টগ্রামের গোল্ডেন কনটেইনার লিমিটেড নামের একটি অফডকে অভিযান চালায় কাস্টমসের প্রিভেন্টিভ টিম। এ সময় সীতাকুণ্ডের ভাটিয়ারীর জাহানাবাদে অবস্থিত নিয়ালকো অ্যালয়েজ লিমিটেডের একটি রপ্তানি চালান শতভাগ কায়িক পরীক্ষা করা হয়।
পরীক্ষায় ঘোষিত ‘সর্টেড কপার’ পণ্যের পরিবর্তে জাহাজের ১০টি প্রপেলার স্ক্র্যাপ পাওয়া যায়। চালানটির ঘোষিত মূল্য ছিল ৩ লাখ ২৬ হাজার ৫৬০ মার্কিন ডলার। পণ্যগুলো জাপানে রপ্তানির জন্য প্রস্তুত করা হয়েছিল।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, প্রতিষ্ঠানটি বন্ড সুবিধার আওতায় শুল্কমুক্তভাবে কপার স্ক্র্যাপ ও কপার অ্যালয় স্ক্র্যাপ কাঁচামাল হিসেবে আমদানি করেছিল। এসব কাঁচামাল দিয়ে উৎপাদিত ‘সর্টেড কপার’ রপ্তানির ঘোষণা দিয়ে বিল অব এক্সপোর্ট দাখিল করা হয়। কিন্তু কায়িক পরীক্ষায় ঘোষিত পণ্যের পরিবর্তে স্থানীয়ভাবে সংগৃহীত জাহাজের প্রপেলার স্ক্র্যাপ রপ্তানির চেষ্টা ধরা পড়ে।
কাস্টমস কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা কাঁচামাল ব্যবহার করে উৎপাদিত পণ্য রপ্তানি না করে ভিন্ন উৎস ও প্রকৃতির পণ্য রপ্তানির চেষ্টা করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে বন্ড সুবিধার অপব্যবহার এবং শুল্ক-কর ফাঁকির অপচেষ্টা হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এ ঘটনায় চূড়ান্ত প্রতিবেদন তৈরি ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির মামলা দায়েরের প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস।