দুটি কার্যালয় ও ফার্নিচারের দোকানে ভাঙচুর, বিএনপি নেতার বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ; এলাকায় উত্তেজনা
নিজেস্ব প্রতিবেদক :
পিরোজপুরের নাজিরপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে মিছিল নিয়ে এসে বিএনপির দুটি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ সময় বিএনপির এক নেতার বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে থাই গ্লাস ভাঙচুর করা হয়। পাশাপাশি একটি ফার্নিচারের দোকানেও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
রোববার (১৫ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার মালিখালী ইউনিয়নের উত্তর ঝনঝনিয়া মোবাইল টাওয়ার মোড় ও আশপাশের এলাকায় এসব ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার ডুমুরিয়া এলাকা থেকে আওয়ামী লীগের প্রায় ২৫০ থেকে ৩০০ নেতা-কর্মী মিছিল নিয়ে নাজিরপুরের উত্তর ঝনঝনিয়া মোবাইল টাওয়ার মোড়ে আসেন। পরে তারা মালিখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সুমন তালুকদারের বাড়ির সামনে গিয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে বাড়ির একটি থাই গ্লাস ভেঙে যায়।
এরপর মোবাইল টাওয়ার মোড়সংলগ্ন বিএনপির একটি কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। একই সময়ে মালিখালী ইউনিয়ন বিএনপির আরেক যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেনের কার্যালয়েও হামলা চালানো হয়। কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করে বাইরে এনে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ছাড়া কার্যালয়ের টিন কুপিয়ে ক্ষতিগ্রস্ত করা হয়। একই এলাকায় একটি ফার্নিচারের দোকানেও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এ বিষয়ে মালিখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সুমন তালুকদারের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে আতঙ্কের কথা জানান। পরে বিস্তারিত কথা বলবেন বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন।
পিরোজপুর জেলা বিএনপির সদস্যসচিব এস এম সাইদুল ইসলাম কিসমত বলেন, নাজিরপুরে পৃথক দুটি স্থানে বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ঘটনার প্রতিবাদে সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৩টায় নাজিরপুরের সাচিয়া বাজারে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছে পিরোজপুর জেলা বিএনপি। রোববার রাতে নিজের ফেসবুক পোস্টে এ কর্মসূচির ঘোষণা দেন জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খান।
পোস্টে তিনি নাজিরপুরের টাওয়ার মোড় ও সংলগ্ন এলাকায় বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ এবং নেতা-কর্মীদের বাড়িঘরে লুটপাটের অভিযোগের প্রতিবাদে এ সমাবেশের কথা জানান। একই সঙ্গে বিএনপির নেতা-কর্মীসহ উপজেলার সাধারণ মানুষকে সমাবেশে উপস্থিত থাকার আহ্বান জানান।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, টুঙ্গিপাড়ার সীমান্তসংলগ্ন এলাকা হওয়ায় সেখানে উত্তেজনা বিরাজ করছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখানে একটি বিএনপি কার্যালয় ও একটি ফার্নিচারের দোকানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।