নিজস্ব প্রতিবেদক:
সাম্প্রতিক কর্মকাণ্ডের মাধ্যমে পলাতক অপশক্তি দেশে-বিদেশে নিজেদের ঘৃণিত ও ধিকৃত হওয়ার প্রমাণ দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং গণতন্ত্রের পক্ষে দেশের প্রতিটি গণতন্ত্রকামী শক্তি ও প্রতিষ্ঠানের ইস্পাতকঠিন ঐক্যই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।
মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ ভবনের সামনে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পলাতক অপশক্তির সাম্প্রতিক কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে মাহদী আমিন বলেন, ‘গত কয়েক দিনে দেশে ও বিদেশে নিষিদ্ধ সংগঠনের যে সহিংসতা ও নাশকতা আমরা দেখেছি, তা থেকেই প্রমাণিত হয় কেন ঘৃণিত ও ধিকৃত অবস্থায় ফ্যাসিস্ট নেত্রী, তার পুরো পরিবার-পরিজন, মন্ত্রিসভা, সংসদ সদস্যবৃন্দ এমনকি বায়তুল মোকাররমের খতিবসহ তাদের নিয়োগপ্রাপ্ত সবাইকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল। তাদের সেই চরিত্র ও অবস্থার এখনও কোনো পরিবর্তন হয়নি।’
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় ঐক্যের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা আরও বলেন, দেশের প্রতিটি গণতন্ত্রকামী ব্যক্তি, প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও গোষ্ঠী ঐক্যবদ্ধভাবে মানবাধিকার, আইনের শাসন এবং বাকস্বাধীনতা প্রতিষ্ঠা করতে চায়।
দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে মাহদী আমিন জানান, বিভিন্ন জায়গায় অস্থিতিশীলতা তৈরির চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। তবে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহিষ্ণুতা, ধৈর্য এবং আন্তরিকতার মাধ্যমে দেশের সার্বিক স্থিতিশীলতা বজায় রাখার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।