নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর তিন দিনব্যাপী এই সংলাপ অনুষ্ঠিত হবে।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সংবাদ সংস্থা বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সিনিয়র সচিব জানান, সংলাপে রাজনৈতিক দলগুলোর কাছে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সার্বিক সহযোগিতা চাওয়া হবে। এ ছাড়া নির্বাচনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গেও একটি বৈঠক অনুষ্ঠিত হবে। আগামী ১০ ডিসেম্বরের মধ্যেই ইউপি নির্বাচনের প্রয়োজনীয় সব প্রস্তুতিমূলক কার্যক্রম সম্পন্ন করা হবে বলে তিনি উল্লেখ করেন।
সংলাপের বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বাসসকে জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যেসব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়েছিল, তাদের পাশাপাশি পরবর্তী সময়ে নতুন নিবন্ধন পাওয়া দলগুলোর সঙ্গেও এই তিন দিনে আলোচনায় বসা হবে।
নির্বাচনের প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, ইউপি নির্বাচনের জন্য ইসির সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের অবশ্যই নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে। একটি ভালো নির্বাচনের জন্য সরকার, রাজনৈতিক দল, প্রার্থী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা সমানভাবে গুরুত্বপূর্ণ। এই চার পক্ষের সমন্বিত ভূমিকার ওপরই সুষ্ঠু নির্বাচন নির্ভর করে।
পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২ ইউপিতে ভোট এদিকে, দেশের ৫০৮টি উপজেলার মোট ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে পাঁচ ধাপে ভোটগ্রহণের তালিকা ইতিমধ্যে প্রকাশ করেছে ইসি। কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত সময়সূচি অনুযায়ী—
প্রথম ধাপ (২১ জানুয়ারি, ২০২৭): ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি ইউপি।
দ্বিতীয় ধাপ (৪ ফেব্রুয়ারি, ২০২৭): ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি ইউপি।
তৃতীয় ধাপ (২৯ এপ্রিল, ২০২৭): ১২০টি উপজেলার ১ হাজার ২৪টি ইউপি।
চতুর্থ ধাপ (১৩ মে, ২০২৭): ৯৬টি উপজেলার ৮১৩টি ইউপি।
পঞ্চম ধাপ (২৭ মে, ২০২৭): ৪০টি উপজেলার ৩৮৪টি ইউপি।