নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশ আগামী ১ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় শুরু হতে যাওয়া এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে দল এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
ব্রিফিংয়ে রুহুল কবির রিজভী বলেন, বিএনপি ঘোষিত মাসব্যাপী বিজয় দিবসের কর্মসূচির অংশ হিসেবে আগামী ১ ডিসেম্বর উদ্বোধনী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিনি জানান, আজকের যৌথসভায় বিভিন্ন আলোচ্যসূচি ও রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হলেও সভার মূল আলোচ্য বিষয় ছিল বিজয় দিবসের কর্মসূচির উদ্বোধনী সমাবেশ।
রিজভী আরও বলেন, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং ঢাকা জেলার বিএনপি নেতৃবৃন্দ, নির্বাচিত সংসদ সদস্য এবং নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের সমন্বয়ে এই যৌথসভা অনুষ্ঠিত হয়।
যৌথসভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বায়ক আমানউল্লাহ আমান উপস্থিত ছিলেন।