নতুন সিনেমা নিয়ে আসছেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। নগর জীবনের বাস্তবতা, স্বপ্ন, সংগ্রাম, প্রেম ও বিচ্ছেদের গল্প নিয়ে নতুন সিনেমা ‘ঢাকা-১২০৫’ এ দেখা যাবে এ অভিনেত্রীকে। এটি নির্মাণ করছেন ওয়ালিদ আহমেদ। সিনেমাটিতে ভাবনার নায়ক রাকিব হোসেন। সাদামাটা এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত সিনেমাটির শুটিং হয়েছে রাজধানীর উত্তরা, পুরান ঢাকা ও নবাবগঞ্জের বিভিন্ন লোকেশনে। ‘ঢাকা-১২০৫’ মূলত ঢাকার ভেতরের জীবনের অচেনা বাস্তবতাকে সিনেমার ভাষায় তুলে ধরা হয়েছে। চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন- আয়মন শিমলা, মোহাইমিন ইসলাম গল্প, ড. আফরোজা মোমেন, সুবাইতা, রোমেল, সেঁজুতি, আফিফ খান, রুপম ও জাহিদুল ইসলামসহ আরও অনেকে। সিনেমাটিতে র্যাপ, রোমান্টিক ও ভিন্নধর্মী একাধিক গান থাকছে।
গানের কথা লিখেছেন ওয়ালিদ আহমেদ ও রেজাউর রহমান রিজভী। পুরো সিনেমার আবহ সংগীত পরিচালনা করছেন রুবেল ফ্লাইং কাইটস। সিনেমা প্রসঙ্গে পরিচালক বলেন, ভাবনা ও রাকিবের খুনসুটি এবং সম্পর্কের রসায়ন পুরো সিনেমা জুড়ে দর্শক দেখতে পাবেন। আমরা চেষ্টা করেছি ঢাকার একেবারে ভেতরের গল্পকে সিনেমার ভাষায় তুলে ধরতে। এই শহরের মানুষের জীবন, আবেগ, সম্পর্ক ও অদেখা বাস্তবতা মিলিয়ে ‘ঢাকা-১২০৫’ দর্শকদের জন্য ভিন্ন এক অভিজ্ঞতা হবে। ভাবনা বলেন, এটি রোমান্টিক গল্পের ভিন্নধর্মী একটি সিনেমা। আমরা সবাই অনেক পরিশ্রম করে এর কাজ করেছি। আশা করছি দর্শকদের ভালো লাগবে।