পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচনে রাজনৈতিক পালাবদলের পর ভোল বদল চলছে টলিউডে। মমতার দল তৃণমূল কংগ্রেসের একাধিক তারকা রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। অন্যদিকে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ইঙ্গিত দিলেন চাপ প্রয়োগ করে মমতার নির্বাচনী প্রচারণায় নেওয়ার। সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। নির্বাচনে তৃণমূলের হয়ে প্রচার করছিলেন শ্রাবন্তী। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকেই কি প্রচারে গিয়েছিলেন? এ বিষয়ে তার স্পষ্ট বক্তব্য, আমি একজন শিল্পী। আর একজন শিল্পী হিসাবেই গিয়েছিলাম প্রচারে।রাজনৈতিক সংবাদ
শিল্পীদের ওপর অনেক চাপ থাকে। আমি ছাড়াও অনেকেই দিদির আহ্বানে প্রচারে গিয়েছিলেন। আমি তো নগণ্য। ভোটের প্রার্থিতালিকা প্রকাশের আগে আমাকে অনেকেই প্রশ্ন করেছিলেন, আমি প্রার্থী হচ্ছি কি না। আমি তো দলে যোগ দিইনি। কারণ, আমি জানি আমি হব না। এদিকে লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছিলেন অভিনেত্রী। যদিও তারপর দলটিকে সঙ্গ দিতে দেখা যায়নি।
তবে আবারও কি ফের বিজেপিতে যাচ্ছেন এমন প্রশ্নে অভিনেত্রীর সাফ জবাব, আমি মনে করি, রাজনীতি আমার জায়গা না। আমি যখন প্রার্থী হয়েছিলাম, তখন হয়তো একজন অভিনেত্রীকে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে মেনে নিতে অসুবিধা হয়েছিল মানুষের। এখন আমি অভিনেত্রী হিসাবেই ভালো আছি। আজকে এত কুৎসা হচ্ছে, শিল্পীদের নিয়ে এত কথা এত ট্রোলিং চলছে, কী বলব, শিল্পীরা কীভাবে চলেন, এসব বলার আগে সাধারণ মানুষ কি একবারও ভাবেন? আমাদের ওপরেও তো চাপ থাকে।