মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জাতীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর উদ্যোগে সোমবার দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাসসের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে আয়োজিত এ অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। এছাড়া জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে দেশবাসীর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনার পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
অনুষ্ঠানে অংশ নিয়ে বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি যুগান্তকারী ধারা সৃষ্টি করে গেছেন, যা আজও সমানভাবে প্রাসঙ্গিক।
তিনি বলেন, রাষ্ট্র পরিচালনা, উৎপাদনমুখী অর্থনীতি এবং জনগণকেন্দ্রিক রাজনীতির যে দর্শন জিয়াউর রহমান প্রবর্তন করেছিলেন, তা বর্তমান সময়েও জাতীয় উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে বিবেচিত হচ্ছে। তাঁর আদর্শ ও চিন্তাধারাকে ধারণ করে বিএনপি বর্তমানে তারেক রহমান-এর নেতৃত্বে জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে।
দোয়া মাহফিলে বাসসের সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। এ সময় তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, দেশপ্রেম এবং জাতীয় উন্নয়নে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।