ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানাধীন চরমানিকা ইউনিয়নে আওয়ামী লীগের নেতাকর্মীদের কথিত গোপন কর্মসূচির প্রস্তুতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ দক্ষিণ আইচা বাজারে চরমানিকা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেন। কর্মসূচিতে বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিলটি দক্ষিণ আইচা বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং পরে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী বিভিন্ন স্থানে গোপনে কর্মসূচির প্রস্তুতি নিচ্ছেন। তারা এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
কর্মসূচি শেষে বক্তব্য রাখেন স্থানীয় বিএনপি নেতা রেজাউল করিম খন্দকার, ফারুক মাস্টার এবং সারাজুল ইসলাম সবুজ খান। বক্তারা বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে বিএনপি মাঠে সক্রিয় রয়েছে। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি যেকোনো ধরনের নাশকতামূলক বা উসকানিমূলক কর্মকাণ্ডের বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান।