আন্তর্জাতিক ডেস্ক | একুশে সংবাদ
ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ।
বুধবার পরিষদের মিডিয়া শাখার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত পরিষদের সচিব মোহাম্মদ বাঘের জোলঘাদর স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার জন্য দায়ী ব্যক্তি, পরিকল্পনাকারী এবং সংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে।
সরকারি তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। ওই হামলায় ইরানের আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং খামেনির পরিবারের কয়েকজন সদস্যও প্রাণ হারান। পরে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।
ইরানের রাষ্ট্রীয় ঘোষণায় জানানো হয়েছে, আগামী ৪ থেকে ৯ জুলাই তেহরান, কোম ও মাশহাদে খামেনির জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এছাড়া ইরাকের বাগদাদ, কাজিমাইন, কারবালা ও নাজাফ শহরেও পৃথক শোকানুষ্ঠানের আয়োজন করা হবে।
বিশ্লেষকদের মতে, খামেনির মৃত্যুর পর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। ইরানের প্রতিশোধের ঘোষণা আঞ্চলিক উত্তেজনা নতুন করে বাড়িয়ে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।