নিজস্ব প্রতিবেদক:
ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপন, দেশীয় গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বৃদ্ধি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পূর্ণাঙ্গভাবে চালু এবং ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হলে আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে দেশের শহর ও গ্রামে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার সকালে সচিবালয়ে তথ্য অধিদফতরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
বর্তমান বিদ্যুৎ সংকটের জন্য জ্বালানি ঘাটতি, বিদ্যুৎকেন্দ্রের যান্ত্রিক ত্রুটি এবং সাম্প্রতিক সময়ে অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় অতিরিক্ত চাহিদাকে দায়ী করেন উপদেষ্টা। তিনি বলেন, সংকট মোকাবিলায় সরকার দীর্ঘমেয়াদি ও টেকসই পরিকল্পনা নিয়ে কাজ করছে।
তিনি বলেন, অতীতে রাজধানীসহ বড় শহরগুলোতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে গ্রামাঞ্চলে তুলনামূলক বেশি লোডশেডিং দেওয়া হতো। সরকার সেই বৈষম্যমূলক ব্যবস্থা থেকে সরে এসে শহর ও গ্রামের মধ্যে সাময়িক বিদ্যুৎ ঘাটতির বোঝা সুষমভাবে বণ্টনের নীতি গ্রহণ করেছে।
ডা. জাহেদ উর রহমান বলেন, নতুন এফএসআরইউ স্থাপনে দেড় থেকে দুই বছর সময় লাগবে। এর মাধ্যমে দেশে এলএনজি আমদানির সক্ষমতা বাড়বে। একই সঙ্গে ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করতে প্রায় ৫০০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। বাপেক্সের ১৫০টি কূপ খনন ও পুনঃখননের কাজও চলছে।
তিনি জানান, চলতি সেপ্টেম্বর মাসেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পরীক্ষামূলক চালুর প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে। আগামী বছর থেকে কেন্দ্রটি পূর্ণ সক্ষমতায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করবে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে দেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা আরও নির্ভরযোগ্য ও নিরবচ্ছিন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ব্রিফিংয়ে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিনি জানান, সরকারের কূটনৈতিক প্রচেষ্টার ফলে মালয়েশিয়া সরকার বিমান ভাড়াসহ সম্পূর্ণ বিনামূল্যে বাংলাদেশ থেকে ১০ হাজার নতুন কর্মী নেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, আগের রিক্রুটিং সিন্ডিকেটের বাইরে এসে পূর্বে অনুমোদিত ২৫টি প্রধান এজেন্সির পাশাপাশি আরও ৩১২টি প্রতিষ্ঠানকে সহযোগী রিক্রুটিং এজেন্সি হিসেবে কর্মী পাঠানোর সুযোগ দেওয়া হয়েছে।
দেশে শিশু নিখোঁজের ঘটনা নিয়ে চলমান আলোচনার বিষয়ে উপদেষ্টা বলেন, এটি রাতারাতি তৈরি হওয়া কোনো নতুন সংকট নয়। তিনি জানান, ২০২৫ সালের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে ১৩ হাজার ৮৭৬টি সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত হয়েছিল। পরবর্তী সাত মাসে এ সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৭১৭টিতে।
তবে প্রতিটি নিখোঁজের ঘটনাকে গুরুত্ব দিয়ে সরকার সর্বোচ্চ তৎপরতার সঙ্গে কাজ করছে বলে জানান তিনি।
সারের ঘাটতি নিয়ে বিভিন্ন গুঞ্জনের বিষয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, দেশে বর্তমানে ইউরিয়া, টিএসপি ও ডিএপিসহ মোট ১২ লাখ ৮৬১ মেট্রিক টন সার মজুত রয়েছে। গত বছরের একই সময়ে মজুত ছিল প্রায় ১২ লাখ মেট্রিক টন।
তিনি বলেন, সরবরাহ ও বিতরণ ব্যবস্থার অনিয়ম দূর করে কৃষকের কাছে যথাসময়ে সার পৌঁছে দিতে সরকার কাজ করছে।
সাংবাদিকদের চাকরি ও জীবিকার নিরাপত্তার গুরুত্ব তুলে ধরে উপদেষ্টা বলেন, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠনের প্রক্রিয়ার পাশাপাশি টেলিভিশন ও অনলাইন সংবাদমাধ্যমকে একই আইনি কাঠামোর আওতায় এনে সংবাদকর্মীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।
ব্রিফিংয়ে জানানো হয়, ব্যাটারিচালিত রিকশার মেকানিক্যাল স্পেসিফিকেশন ও চলাচলের রুট নির্ধারণে স্থানীয় সরকার বিভাগের নেতৃত্বে একটি সুনির্দিষ্ট বিধিমালা প্রণয়ন করা হচ্ছে।
এ ছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের চিকিৎসা ও পরিচর্যার ব্যয় বিবেচনায় পে-স্কেলে প্রতি মাসে ৩ হাজার টাকা হারে ভাতা রাখার কথা জানানো হয়।
চট্টগ্রাম বন্দরে ডেনমার্কের সহযোগিতায় লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আনবে বলে ব্রিফিংয়ে জানানো হয়।
ব্রিফিংয়ে তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আবদুল ওয়াদুদ এবং তথ্য অধিদফতরের উপ-প্রধান তথ্য কর্মকর্তা ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন।