মরহুম শিল্পপতি আলহাজ্ব জহুরুল ইসলাম সাহেবের স্বপ্নের প্রতিষ্ঠান আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজকে ঘিরে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
অভিযোগগুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের অনেকে।
এদিকে প্রতিষ্ঠানে সম্প্রতি সৃষ্ট উদ্ভূত পরিস্থিতি নিরসন এবং শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বিদ্যালয়ের অধ্যক্ষের কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সম্মানিত সভাপতি জনাব মোস্তাফিজুর রহমান মন্টু মিয়া। সভায় উপস্থিত ছিলেন বাজিতপুরের সহকারী কমিশনার (ভূমি), পৌর বিএনপির সভাপতি জনাব এহেসান কুফিয়া, দুর্নীতি প্রতিরোধ কমিটি, বাজিতপুরের সভাপতি জনাব রফিকুল ইসলাম, প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব শেখ শাজাহানসহ শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় প্রতিষ্ঠানের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখা, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং উদ্ভূত সমস্যা শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সমাধানের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভাপতি মোস্তাফিজুর রহমান মন্টু মিয়া প্রতিষ্ঠানের সুনাম ও শিক্ষার পরিবেশ অক্ষুণ্ন রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যা সমাধান করে প্রতিষ্ঠানে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
অন্যদিকে স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের অভিযোগ, প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম ও ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা প্রশ্ন ও অসন্তোষ রয়েছে। সম্প্রতি এসব বিষয় নতুন করে আলোচনায় আসায় শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
অভিভাবকদের কয়েকজন জানান, আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়; এটি মরহুম শিল্পপতি আলহাজ্ব জহুরুল ইসলাম সাহেবের স্বপ্ন ও দীর্ঘদিনের প্রচেষ্টার ফসল। তাই প্রতিষ্ঠানের সুনাম, ঐতিহ্য ও শিক্ষার পরিবেশ রক্ষায় যেকোনো অনিয়মের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন।
সচেতন মহলের দাবি, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের জন্য একটি কার্যকর তদন্ত প্রক্রিয়া গ্রহণ করে প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট নথিপত্র, প্রশাসনিক কার্যক্রম ও আর্থিক বিষয়াদি যাচাই করা হোক। তদন্তে কোনো অনিয়ম বা দুর্নীতির সত্যতা পাওয়া গেলে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা।
তাদের মতে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা সামনে এলে একদিকে যেমন অভিযোগের সত্যতা যাচাই হবে, অন্যদিকে প্রতিষ্ঠানের প্রতি শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর আস্থাও পুনঃপ্রতিষ্ঠিত হবে।
সভায় উপস্থিত শিক্ষক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা এবং যেকোনো বিরোধ আলোচনার মাধ্যমে সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।
তবে উত্থাপিত অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিস্তারিত বক্তব্য জানা সম্ভব হয়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে প্রকাশ করা হবে।