জয়পুরহাটে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে বিলকিস বেগম নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর তিন ভাইয়ের বিরুদ্ধে। গত ৩১ আগস্ট হামলার ঘটনায় গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে সাত দিন চিকিৎসাধীন থেকে সোমবার (৭ সেপ্টেম্বর) তিনি মারা যান।
এ ঘটনায় নিহত বিলকিস বেগমের ছেলে আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে গত ১ সেপ্টেম্বর জয়পুরহাট সদর থানায় একটি মামলা করেন। মামলায় বিলকিস বেগমের তিন ভাই—রুহুল আমিন, জয়নাল আবেদীন ও কোরবান আলীকে অভিযুক্ত করা হয়েছে।
নিহত বিলকিস বেগম জয়পুরহাট সদর উপজেলার হরিপুর গ্রামের বাসিন্দা। স্বামী মারা যাওয়ার পর তিনি তাঁর একমাত্র সন্তানকে নিয়ে বসবাস করতেন। স্বজনদের অভিযোগ, নিজের জমি নিয়ে দীর্ঘদিন ধরে ভাইদের সঙ্গে বিলকিস বেগমের বিরোধ চলছিল। সেই বিরোধের ধারাবাহিকতায় তাঁর ওপর হামলা চালানো হয়।
স্থানীয় বাসিন্দা ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ৩১ আগস্ট বিলকিস বেগম নিজের জমিতে ফসল দেখতে যান। এ সময় সেখানে তাঁর তিন ভাই রুহুল আমিন, জয়নাল আবেদীন ও কোরবান আলী উপস্থিত ছিলেন। জমিতে যাওয়া নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে রুহুল আমিন কোদালের গোড়া দিয়ে বিলকিস বেগমের মাথায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয় বাসিন্দা ও স্বজনরা তাকে উদ্ধার করে জয়পুরহাট হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে বগুড়ার টিএমএসএস হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে সাত দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার তার মৃত্যু হয়।
নিহতের স্বজনদের অভিযোগ, মামলা দায়েরের কয়েক দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়নি। তারা দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন।
জয়পুরহাট সদর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।