ভারতের বর্তমান প্রধান কোচ গৌতম গম্ভীরকে নিয়ে নানা সময়ে সমালোচনা ও আলোচনা হলেও তার বিকল্প হিসেবে বেশ কয়েকজনের নাম উঠে এসেছে। তাদের মধ্যে অন্যতম ভারতের কিংবদন্তি ব্যাটার ভিভিএস লক্ষ্মণ। আরেকটি আলোচিত নাম ২০১১ বিশ্বকাপজয়ী সাবেক ভারতীয় ক্রিকেটার আশিস নেহরা। আইপিএলে গুজরাট টাইটান্সের হেড কোচ হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন তিনি।
একদিন ভারতীয় দলের কোচ হওয়ার সম্ভাবনা নিয়ে কথা বলতে গিয়ে নেহরা জানান, এ বিষয়ে তার নির্দিষ্ট কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই। তবে ভবিষ্যতে সেই সম্ভাবনার দরজাও পুরোপুরি বন্ধ করেননি তিনি।
বেঙ্গল ক্রিকেট সংস্থার বার্ষিক পুরস্কার অনুষ্ঠানে নেহরা বলেন, ‘প্রথম কথা হলো, আমি উচ্চাকাঙ্ক্ষা শব্দটি ব্যবহার করব না। আমি কখনো কোনো কিছু পরিকল্পনা করি না। অবশ্যই এটি অনেক বড় সম্মান ও সুযোগ হবে। তবে আমি এভাবে কোনো কিছু পরিকল্পনা করি না। ভবিষ্যতে কী হয় দেখা যাবে। না, কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই। আমি যেখানে আছি, সেখানেই খুব খুশি।’
গুজরাট টাইটান্সের সাফল্য প্রসঙ্গে নেহরা বলেন, ‘অনেকে বলেন, আপনি কোচ হিসেবে ভালো করেছেন। কিন্তু এটি শুধু আমার বিষয় নয়, পুরো দলের বিষয়। অবশ্যই অধিনায়ক ও কোচ সব সময় আলোচনায় থাকেন। বিশেষ করে ভারতে এমনটাই হয়। কিন্তু আমি এর পুরোপুরি বিপক্ষে।’
ভারতীয় দলের হেড কোচ হওয়ার প্রস্তাব পেলে বেশ কিছু বিষয় বিবেচনা করতে হবে বলেও জানান নেহরা।
তিনি বলেন, ‘এই মুহূর্তে এর উত্তর দেওয়া খুব কঠিন। প্রথমে আমাকে আমার স্ত্রীর সঙ্গে আলোচনা করতে হবে। না হলে তো বিবাহবিচ্ছেদ হয়ে যাবে। এত ভ্রমণ করতে হয়, বছরে আট-নয় মাস বাইরে থাকতে হয়। বিষয়টি সহজ নয়।’
আন্তর্জাতিক ক্রিকেটের দায়িত্বের চাপ ও দীর্ঘ ভ্রমণের বিষয়টিও তুলে ধরেন তিনি। নেহরা বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে খুব বেশি মানুষ তিন-চার বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালন করতে পারেননি। এর পেছনে রয়েছে কাজের চাপ এবং দীর্ঘ সময় ভ্রমণ করার বিষয়টি।’
গুজরাট টাইটান্সের প্রধান কোচ হিসেবে নেহরা প্রথম বছরেই দলটিকে শিরোপা জিতিয়েছিলেন। ২০২২ সালে অভিষেক মৌসুমেই শিরোপা জয়ের পর দলটি আরও দুবার রানার্সআপ হয়েছে—২০২৩ ও ২০২৬ সালে।