মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রুনা লায়লা- এমন খবর ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার মেয়ে তানি লায়লা। তিনি জানিয়েছেন, তার মা সম্পূর্ণ সুস্থ ও জীবিত আছেন। এদিকে রুনা লায়লা বলেন, আমি সুস্থ আছি। খুব ভাল আছি আলহামদুলিল্লাহ। কিছু মানুষ মনে হয় খুব আনন্দ পায় এই ধরনের বাজে এবং মিথ্যা খবর ছড়াতে। ওদের ভিউজ অনেক বেড়ে যায়। বিশ্ব সংবাদ
আমি এইসব বাজে খবরকে ইগনোর করি। রুনা লায়লা আরও বলেন, আমার ভক্ত শ্রোতাদের আমি জানাচ্ছি, আমি ছিলাম, আমি আছি, আমি থাকব, ইনশাআল্লাহ। বুধবার বিকাল থেকে রাত অবধি উপমহাদেশের বরেণ্য সঙ্গীত শিল্পী রুনা লায়লার মৃত্যু গুজব ছড়িয়ে পড়ে। তার কন্যা তানি ফেসবুকে লেখেন, আমার মা সম্পূর্ণ সুস্থ ও জীবিত আছেন। মারা যাননি বা মৃত্যুর মুখেও নেই। এসবই এআইয়ের মাধ্যমে তৈরি ভিডিও ও ছবি। এসব সহ্য করা যাচ্ছে না। তিনি এই ধরনের বিভ্রান্তিকর পোস্ট যারা ছড়াচ্ছে তাদের সামাজিকভাবে এবং সমাজ মাধ্যমে পরিত্যাগ করার আহ্বান জানিয়েছেন সকলের প্রতি।